- এই মুহূর্তে
- মে ১৪, ২০২২
মৃণাল সেনের জীবনী নিয়ে নতুন সিরিজ সৃজিতের, আসছে আরও দুই ছবি
আজ ১৪ মে, ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ৯৯তম জন্মতিথি। তাঁর জন্মদিনেই নতুন ওয়েব সিরিজ তৈরির খবর শেয়ার করে পরিচালকে বিশেষ শ্রদ্ধা জানালেন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
শনিবার সকালেই সৃজিত সোশ্যাল মাধ্যমে শেয়ার করলেন তাঁর নতুন সিরিজ ‘পদাতিকে’র পোস্টার। সৃজিতের এই ছবির স্ক্রিপ্ট রচিত হয়েছে মৃণাল সেনের জীবনের উপর নির্ভর করে। পোস্টে সৃজিত লেখেন, ‘সেই লকডাইনের সময় থেকেই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। সেই দিনটা এল। অবশেষে ওয়ার্ল্ড সিনেমার বিশ্ববরেণ্য পরিচালকের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা।’

শুধু সৃজিতই নয়। মৃণাল সেনকে ছবির মাধ্যমে শ্রদ্ধা জানাবেন টলিউডের আরও দুই জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত। শনিবার সে খবর শেয়ার করেছেন মৃণালপুত্র কুণাল সেন। কুণালের বলেছেন, ‘আজ আমার বাবার বয়স হত ৯৯ বছর। একজন স্বতন্ত্র মানুষ ও পরিচালক হিসেবে বাবা সম্পুর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন। প্রশংসা পেয়েছেন। বাবার জীবন ও সিনেমার উপর নির্ভর করে টলিউডে তিনটি ছবি তৈরি হচ্ছে। এক, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। কৌশিকের এই ছবিতে বাবার তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। সৃজিত করছেন বাবা জীবনের উপর নির্ভর করা এক কাল্পনিক বায়োপিক। নাম ‘পদাতিক’। আর অঞ্জন দত্ত তৈরি করছেন চালচিত্র। এটি একটি পার্সোনাল ফিচার। বাবা ও অঞ্জন দত্তর কথোপকথোনের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। আমি এই তিনটে ছবি দেখার জন্য অপেক্ষায় রইলাম।’
❤ Support Us







