- ক | বি | তা
- জানুয়ারি ১, ২০২২
ফিরে এসো শৈশব
চিত্র: কামরুল হাসান
ফিরে এসো এক্কা দোক্কা, গোল্লা ছুট খেলি মাটির উঠোনে রৌদ্র নূপুর পায়ে ;
ফিরে এসো শৈশব ঘুড়ি উড়াই
ভুবন ডাঙার মাঠে হলুদ দুপুরে ;
ফিরে এসো শৈশব আম কুড়োতে যাই টাপুর টুপুর রূপোলি বৃষ্টির গন্ধমাখা ভোরে ;
ফিরে এসো শৈশব শ্যামলা কিশোরীর
লাজুক মুখ দেখাও অনন্ত স্মৃতির ভিতরে;
ফিরে এসো শৈশব বিকেলের রোদ্দুর এখন খেলা করে আমার নিরালা দুয়ারে;
চলে যাবার আগে একবার দু’চোখ মেলে
দেখে যাই প্রিয় রূপকথা ফিরে এসেছে আমার হৃদয়পুরে ।
❤ Support Us








