- স্মৃ | তি | প | ট
- মে ১০, ২০২২
কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা প্রয়াত
থামল ‘শিব-হরি’-র যুগলবন্দি, কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা প্রয়াত। আজ মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদ্রোগে আক্রান্ত হন শিবকুমার। বয়স হয়েছিল ৮৪ বছর। রেখে গেলেন স্ত্রী মনোরমা এবং পুত্র রাহুল শর্মাকে। উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সন্তুর’ নামে বাদ্যযন্ত্রটির আগে তেমন মর্যাদা ছিল না। সেই যন্ত্রকে শাস্ত্রীয় সঙ্গীতের মূল ধারায় এনে ফেলার কৃতিত্ব শিবকুমারের। হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে শিবকুমার বলিউডের মূল ধারার ছবিতে কালজয়ী সুরসৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম ‘সিলসিলা’। পুত্র রাহুল বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন। সন্তুরবাদক হিসাবে তিনিও প্রতিষ্ঠা পেয়েছেন।
১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সঙ্গীতজ্ঞ পরিবারে জন্ম শিবকুমারের। তাঁর বাবা উমা দত্তশর্মা ছিলেন প্রথিতযশা সঙ্গীত শিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তাঁর বাবার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। শিবকুমারকে তেরো বছর বয়স থেকে সন্তুরের প্রশিক্ষণ নেন । পরবর্তী কালে ‘সন্তুর’ যন্ত্রটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেন শিবকুমার। এরপর শিবকুমার চলে আসেন মুম্বইয়ে । তাঁর বিচরণক্ষেত্র গোটা বিশ্ব হলেও মূলত তিনি কাজ করেছেন মুম্বই থেকেই।সঙ্গীত নাটক অ্যাকাডেমি-সহ জাতীয় এবং আন্তর্জাতিক বহু পুরস্কার পেয়েছেন শিবকুমার। ২০০১ সালে পান পদ্মবিভূষণ। এ ছাড়াও আমেরিকার সম্মাননীয় নাগরিকত্ব প্রদান করা হয় তাঁকে।
❤ Support Us








