- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৫
জাল মৃত্যু সার্টিফিকেট বানিয়ে দেশের ১২টির বেশি রাজ্যে সক্রিয় বীমা জালিয়াতি চক্র
দেশের একাধিক রাজ্যে চলছে মৃত্যু-বীমা জালিয়াতি। উত্তরপ্রদেশের সাম্ভালে বহু কোটি টাকার বীমা কেলেঙ্কারির কথা সামনে আসতেই জালিয়াতির একাধিক ঘটনা প্রকাশ করছেন তদন্তকারী দল।
উত্তরপ্রদেশের সাম্ভালে বড়ো ধরণের বীমা জালিয়াতির ঘটনা সামনে এসেছিল সাম্প্রতিক সময়ে। সন্দেহজনক একটি গাড়ি থেকে পুলিশ কয়েক কোটি টাকা, ডেবিট কার্ড উদ্ধার করেছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গ্রামপ্রধান, শহরের কর্মকর্তা, আশাকর্মী ও বীমা কোম্পানির এজেন্টরা প্রত্যারণার চক্র চালাচ্ছে। শুধু উত্তরপ্রদেশ নয় ১২ টি রাজ্য জুড়ে, বিগত ৭ বছর চলছে কোটি কোটি টাকার জালিয়াতি হয়েছে। এমন তথ্যই পুলিশের হাতে আসে। গুরুতর অসুস্থ ব্যক্তিদের পলিসি করিয়ে, তাঁদের মৃত্যুর পর অথবা জাল মৃত্যু সার্টিফিকেট বানিয়ে অপরাধীরা নিজেদের মৃতের পরিবারের সদস্য দাবি করে বিপুল অর্থ আত্মস্যাৎ করছে।
সাম্ভালের ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ বারানসীর ওঁকারেশ্বর মিশ্র আর আমরোহা জেলার অমিত কুমারকে গ্রেপ্তার করেছে। ‘মিশ্র ও কুমার দুজনেই দিল্লি-ভিত্তিক দুটি বীমা তদন্ত সংস্থা, ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ এবং ‘ফার্স্ট সলিউশনস এজেন্সি’-তে নিযুক্ত ছিলেন। তাঁরা নিয়মিতভাবে অসংখ্য মানুষের বীমা যাচাই-বাছাই করতেন। তাঁদের কাজ ছিল বীমাকারী ব্যক্তির মৃত্যুর পর তদন্ত করা ও সঠিক উত্তরাধিকারীদের হাতে টাকা পৌঁছে দেওয়া। কিন্তু তাঁরা সেসব না করে, নিজেদের পকেট ভরাতে অপরাধচক্র তৈরি করে।’– সম্ভালের এসপি কে কে বিষ্ণোই এ কথা সংবাদ সংস্থাকে জানিয়েছেন।
অভিযুক্তরা গুরুতর অসুস্থ ব্যক্তিদের নিজেদের লক্ষ্য বানাচ্ছে। যাঁদের মধ্যে ক্যান্সার রোগী এবং বয়স্ক ব্যক্তিরা ছিলেন। এই এজেন্টরা নিজেদের আর্থিক উপদেষ্টা বলে দাবি করে, অসুস্থ ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন আর তাঁদের বীমা কিনতে রাজি করাতেন। পলিসিধারকের মৃত্যুর পর, এই প্রতারকরা নিজেরাই বিমার টাকা দাবি করত কোম্পানির কাছে। কিন্তু মৃতের পরিবার সামান্য টাকায় পেতেন। এই কেলেঙ্কারির অভিযুক্তরা মৃত ব্যক্তিদেরওঁ বীমা করিয়ে রাখতেন। স্থানীয় গ্রাম-প্রধান এবং সচিবদের সাথে ষড়যন্ত্র করে জাল মৃত্যু শংসাপত্র তৈরি করা হত। তারপর বীমার টাকা দাবি করা হত।
পুলিশি তদন্তে উঠে এসেছে, ২০২০ সালে আগ্রায় মারা যাওয়া এক ব্যক্তির মৃত্যু শংসাপত্র ২০২৩ সালে জারি করা হয়েছিল। যা দিয়ে অর্থ আত্মসাৎ করে চক্রটি। সন্দেহজনকভাবে ওই মৃত্যু শংসাপত্রটি গ্রামপ্রধান যাচাই করে জারি করেছিলেন। দিল্লির ত্রিলোক কুমারের ‘দুবার মৃত্যু’র ঘটনাও সামনে এসেছে। ২০২৪ সালে জুনে ক্যান্সারে ‘মৃত্যু’ ঘটেছে তাঁর, তিনিই আবার ২৭ ডিসেম্বর, ২০২৪-এ, গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে হৃদরোগে ‘মারা’ গেছেন। তদন্তকারীরা বলছেন, যে প্রতারণা চলছে, তা আমাদের চিন্তার চেয়েও অনেক গভীর। বহুদূরে শিকর ছড়িয়েছে প্রতারকদের চক্রের। ডাক্তার ও ব্যাঙ্কের কর্মীরাও এই ষড়যন্ত্রে সামিল। এখনো অবধি ১৬ জনকে এই প্রতারণা কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ।
❤ Support Us








