- দে । শ
- সেপ্টেম্বর ১৭, ২০২৫
চিতার হানায় জলপাইগুড়িতে আবার কিশোরের মৃত্যু। একবছরে প্রাণ হারালেন ৪
চিতাবাঘের হানায় জলপাইগুড়িতে আবার মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার সন্ধেয় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা গ্রামে এই চিতাবাঘের হানার ঘটনা ঘটেছে। দোকান থেকে বাড়ি ফেরার সময় ১২ বছর বয়সী অস্মিত রাই নামে এক কিশোরের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। পরে তার মৃত্যু হয়। গত বছরের অক্টোবর থেকে জলপাইগুড়ি জেলায় চিতাবাঘের আক্রমণে এই নিয়ে চার–চারটি কিশোর নিহত হল।
মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ দোকান থেকে বাড়ি ফিরছিল অস্মিত। সেই সময় চিতাবাঘটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে জঙ্গলে টেনে নিয়ে যায়। জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরেই তারা ছেলেটিকে ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। জঙ্গল থেকে উদ্ধার করে তাকে দ্রুত নাগরাকাটার সুলকাপাড়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আগের মাসেই এই জেলারই নাগরাকাটা ব্লকের আংরাভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুটাবাড়িতে চিতাবাঘের হানায় মৃত্যু হয় ১২ বছর বয়সী করিমুল হক নামে এক বালকের। আবার চিতাবাঘের হানায় বালকের মৃত্যুতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। সুলকাপাড়া হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ছুটে আসেন নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার, খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায়সহ ডায়না রেঞ্জের বন কর্মীরা৷ জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ জানান, চিতাবাঘের আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়ছে। দেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বন দফতরের নিয়ম মেনেই কিশোরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দক্ষিণ খেরকাটা এলাকা থেকে আগেও এক কিশোরকে মুখে করে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ৷ ঘটনাস্থলেই সেই কিশোরের মৃত্যু হয়। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই আবার চিতাবাঘের হামলায় কিশোরের মৃত্যু। একের পর এক চিতাবাঘের হামলার ঘটনায় চিন্তায় বনকর্মী থেকে প্রশাসন৷ চিতাবাঘের হানা থেকে গ্রামবাসীদের রক্ষা করার চেষ্টা করছে। কিছুদিন আগে দুটি চিতাবাঘ খাঁচাবন্দী করা হয়েছে। তবে মঙ্গলবারের ঘটনায় আবার নতুন করে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
❤ Support Us






