- দে । শ
- মার্চ ২৪, ২০২৩
কেন্দ্রীয় এজেন্সির যথেচ্ছ ব্যবহারের, এবার সুপ্রিম কোর্টে অভিযোগ বিরোধীদের। মমলার শুনানি ৫ এপ্রিল
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ১৪টি বিরোধী রাজনৈতিক দল। এদিন বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে জানিয়েছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডি ৯৫ শতাংশ ক্ষেত্রে বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। গ্রেফতারের আগেপরের গাইডলাইন সম্পর্কেও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন প্রবীণ আইনজীবী সিঙ্ঘভি।
সূত্রের খবর, এদিন যে ১৪টি বিরোধী রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দ্বারস্থ হয়েছে, সেই রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, জনতা দল ইউনাইটেড, ভারত রাষ্ট্র সমিতি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব ঠাকরে), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ডিএমকে এবং বামেরা। আদালত সূত্রের খবর, এই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ এপ্রিল।
এদিন বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে সুপ্রিম কোর্টে এও অভিযোগ করা হয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলির যে নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, ইডি মামলা দায়ের করছে বিজেপিতে যোগ দিলেই তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। বিরোধী রাজনীতিকদে্র একই ধরনে মামলা থেকে অব্যাহতি দিচ্ছে আয়কর দফতরও।
তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির তরফে পাল্টা দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি স্বাধীনভাবেই কাজ করছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করার দায়ে দোষী সাব্যস্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে সুরাটের আদালত দু’বছরের জন্যে কারাদণ্ডে দণ্ডিত করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদরা প্রতিবাদ জানাতে এরপর রাজধানীতে প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছেন।
বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা অবশ্য নতুন কিছু নয়। গত ৫ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে দেশের আটটি বিরোধী রাজনৈতিক দল অভিযোগ করেছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে। ভারত গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রের দিকে চলেছে।
❤ Support Us







