Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৫, ২০২৬

ঢাকুরিয়ার সুইমিং পুলে সাতারু কিশোরের মৃত্যু

ঢাকুরিয়ার সুইমিং পুলে সাতারু  কিশোরের মৃত্যু

কলকাতায় নামী সুইমিং ক্লাবে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। ঢাকুরিয়ার একটি সুইমিং পুলে ডুবে মৃত্যু হয়েছে সরিপ ঘোষ নামে ১৬ বছর বয়সি এক পড়ুয়ার। সে শহরের একটি বড় স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। জানা গিয়েছে, দীর্ঘ প্রায় সাত বছর ধরে সাঁতার প্রশিক্ষণে ছিল সরিপ। সুইমার হিসেবেও তার পরিচিতি ছিল। ফলে অভিজ্ঞ ওই কিশোর কীভাবে সুইমিং পুলে ডুবে গেল, তা ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

প্রতিদিনের নিয়ম মেনেই শুক্রবার ঢাকুরিয়ার ওই সুইমিং পুলে সাঁতার কাটতে নেমেছিল সরিপ। কিছুক্ষণ সাঁতার কাটার পর আচমকাই সে জলের তলায় তলিয়ে যেতে শুরু করে বলে জানা গিয়েছে। অভিযোগ, প্রথম প্রায় ১৫ মিনিট বিষয়টি কারও নজরে আসেনি। পরে তাকে পুল থেকে উদ্ধার করা হয়।

তড়িঘড়ি কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, দীর্ঘ সাত বছর ধরে সাঁতার জানা এবং নিয়মিত সাঁতার কাটতে অভ্যস্ত একজন কিশোর কীভাবে আচমকা জলে তলিয়ে গেল? ঘটনার সময় সুইমিং পুলে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবারের তরফে গাফিলতির অভিযোগও সামনে এসেছে।

ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে এবং কোন পরিস্থিতিতে সরিপ জলের তলায় চলে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে সুইমিং পুলের নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!