Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৫, ২০২৩

তৃতীয় দিনেও থমকে গেল সংসদের উভয়ক্ষের অধিবেশন । আদানি-কাণ্ডে ইডির সদর দফতরের উদ্দেশ্যে বিরোধীদের মিছিল। যোগ দিল না তৃণমূল, এনসিপি।গান্ধি মূর্তির পাদদেশে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলের আলাদা প্রতিবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃতীয় দিনেও থমকে গেল সংসদের উভয়ক্ষের অধিবেশন । আদানি-কাণ্ডে ইডির সদর দফতরের উদ্দেশ্যে বিরোধীদের মিছিল। যোগ দিল না তৃণমূল, এনসিপি।গান্ধি মূর্তির পাদদেশে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলের আলাদা প্রতিবাদ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় আদানি গোষ্ঠীর সম্পত্তি অস্বাভাবিকভাবে ফুলেফেঁপে উঠেছে। বুধবার সংসদ থেকে রাজধানীর ইডি দফতর পর্যন্ত গন্তব্যপথের মিছিলে সামিল হয়ে এই অভিযোগ তুললেন রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে। খাড়্গের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৃষ্ঠপোষকতায় আদানি গোষ্ঠী বিপুল পরিমাণ সম্পত্তির মালিক বনে গিয়েছে। এলআইসি, এসবিআই এবং দেশের অন্য ব্যাঙ্কগুলিকে একাই ধ্বংস করে দিচ্ছে আদানি গোষ্ঠী। অথচ এই প্রতিষ্ঠানগুলিতে যে টাকাটা মানুষ গচ্ছিত রেখেছিলেন তা কষ্টার্জিত টাকা।

এদিন বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা সংসদ ভবন থেকে ইডি-র সদর দফতর পর্যন্ত মিছিলের ডাক দেওয়ায় গোটা পথটাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয় ইডি-র সদর দফতরের সামনেও।

বিরোধী দলগুলির তরফে জানানো হয়েছে, তাঁরা আদানি-কাণ্ডে ইডি দফতরে গিয়ে অভিযোগ দায়ের করতেই মিছিলে সামিল। বেলা সাড়ে বারোটা নাগাদ শুরু হওয়া ওই মিছিলটি মাঝপথেই আটকে দিয়েছে পুলিশ। এদিনের ওই মিছিলে অংশগ্রহণকারী বিরোধী দলের সাংসদরা পুলিশি বাধার মুখে পড়ে ফের সংসদে ফিরে আসেন। তাঁরা জানিয়েছেন, আদানি-কাণ্ড নিয়ে ফের সংসদে সরব হবেন তাঁরা।

এদিন বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদদের মিছিলে অংশগ্রহণ করেননি তৃণমূল কংগ্রেস ও এনসিপি সাংসদরা। এব্যাপারে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় বিজেপি এবং সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে যোগসাজশ করছে কংগ্রেস। একারণে কংগ্রেসের ডাকা মিছিলে পা মেলায়নি তৃণমূল। তৃণমূল নিজের কর্মসূচি অনুযায়ী পৃথকভাবে সংসদে প্রতিবাদ জানাবে।

মিছিলে পা না মেলালেও এদিন তৃণমূলের সাংসদরা সংসদ ভবন চত্বরে গান্ধি মূর্তির পাদদেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদে সামিল হন।

লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের সঙ্গে এদিন শাসকদলের সাংসদদের তুমুল হইহট্টগোলের জেরে বেলা দুটো পর্যন্ত উভয়কক্ষের অধিবেশনই মুলতুবি হয়ে যায়। এরপর কংগ্রেসের নেতৃত্বে শুরু হয় ইডির সদর দফতর পর্যন্ত মিছিলের তোড়জোড়।

সংসদের উভয়কক্ষের অধিবেশন এদিন ফের মুলতুবি হয়েছে, লন্ডনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির মন্তব্যের প্রতিবাদ, পাল্টা প্রতিবাদের জেরে। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রাহুলের নাম না করে দাবি করেন, দেশের গণতন্ত্র পাশবিক আক্রমণের শিকার লন্ডনে যে মন্তব্য করা হয়েছে, এজন্য অভিযুক্তকে ক্ষমা চাইতে হবে। এধরনের মন্তব্য সংসদের পক্ষে অবমাননাকর। অন্যদিকে, সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা পাল্টা অভিযোগ তোলেন, আদানিকে একতরফাভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে।

এনিয়ে দু’পক্ষের গোলমালে তৃতীয় দিনও অধিবেশনের শুরুতেই সংসদ মুলতুবি হল। লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে দাবি তোলেন, মোদি জমানায় আদানি গোষ্ঠী কীভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হল, এর তদন্ত করতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!