- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ৪, ২০২৫
ইজরায়েলি বাহিনীর গুলিতে গাজায় নিহত ২, আহত বহু। সঙ্কটে যুদ্ধবিরতি চুক্তি
সঙ্কটে ইজরায়েল ও হামাসদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। চুক্তির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের রাফা শহরে আবার হামলা চালাল ইজরায়েলি বাহিনী। ইজরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের রাফা শহরে ২ জন নিহত হয়েছেন। অন্যদিকে, গাজার খান ইউনিসে আহত হয়েছেন ৩ জন। এর ফলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ইজরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইজরায়েল ও হামাসের মধ্যে জানুয়ারি মাসে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির পরেও এখনও গাজায় ইজরায়েলি বাহিনী রয়ে গিয়েছে। চলতি সপ্তাহের শেষে এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষে কী পরিস্থিতি দাঁড়াবে, এখনও নিশ্চিত নয়। হামাসদের মতে, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় এখনই কার্যকর করা উচিত। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় এখনই কার্যকর হলে গাজা থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহার হবে এবং যুদ্ধের অবসান হবে।
হামাসের কর্তা ওসামা হামদান বলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়াতে ইজরায়েলের দাবি সামগ্রিক অগ্রগতিকে পেছনে ঠেলে দিচ্ছে। ইজরায়েলের এক সরকারি কর্তা জানান, চুক্তির মধ্যস্থতাকারীরা ইজরায়েলের কাছে অচলাবস্থা নিরসনের জন্য আরও কয়েক দিন সময় চেয়েছেন। ইজরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি এপ্রিল পর্যন্ত সাময়িক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
গাজার ধ্বংসস্তূপের মধ্যে বসবাসকারী ২৩ লাখ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য খাবার, জ্বালানিসহ সব পণ্যের সরবরাহের ওপর গত রবিবার থেকে আবার অবরোধ শুরু করেছে ইজরায়েল। ফলে মিশর সীমান্তে গাজায় প্রবেশের জন্য পণ্যবাহী শত শত লরি আটকে রয়েছে। খাদ্যসামগ্রী ভর্তি এসব যানবাহনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
❤ Support Us








