Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৪, ২০২৩

২৪ ঘন্টায় ৪ জঙ্গি নিকেশ।উপত্যকার নিরাপত্তায় বাড়তি জোর

আরম্ভ ওয়েব ডেস্ক
২৪ ঘন্টায় ৪ জঙ্গি নিকেশ।উপত্যকার নিরাপত্তায় বাড়তি জোর

বৃহস্পতিবার ফের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার। এদিন এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মৃত দুই জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য। এদিন এনকাউন্টারের ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বারামুলায় । গত ২৪ ঘণ্টায় এনিয়ে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দুটি এনকাউন্টারের ঘটনা ঘটল।

সূত্রের খবর, এদিনের এনকাউন্টারে মৃত দুই জঙ্গির নাম সাকির মাজিদ নাজার এবং হানান আহমাদ শেহ। দুজনেই চলতি বছরে মার্চ মাসে লস্কর-ই-তৈবায় যোগ দিয়েছিল বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিজয় কুমার। তিনি জানিয়েছেন, গোপন সূত্রে বারামুল্লা জেলায় ওই দুই জঙ্গির উপস্থিতির খবর পেয়ে এদিন নিরাপত্তা বাহিনী অভিযানে নামে। এলাকা ঘিরে ফেলা হয়। এসময় ওই দুই জঙ্গি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।

বুধবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, নিরাপত্তা বাহিনী খবর পায় ওই দুই জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে। এরপরই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, চলতি মাসের শেষাশেষি ভারতের সভাপতিত্বে জি ২০ গোষ্ঠীর বৈঠক বসছে কাশ্মীরে। সেই উপলক্ষে গোটা উপত্যকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে এদিন সকাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা বারামুল্লা জেলার নানা জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে। জাতীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, ইতিমধ্যে বারামুল্লা জেলায় চারটি জায়গায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তল্লাশি অভিযানে জাতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে রয়েছে পুলিশ এবং সিআরপিএফ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!