- দে । শ
- মার্চ ২০, ২০২৩
কংগ্রেসে ২০০০ কর্মীর যোগদান। পঞ্চায়েত নির্বানে জোটেই থাকবে মানুষের আস্থা, দাবি অধীরের
রাজ্যে জোটের প্রতি মানুষের আস্থা বাড়ছে। রবিবার দলীয় সভায় জানালেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, বিজেপি ও তৃণমূল থেকে ২০০০ কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেছেন। সংবাদ সূত্রে জানা যাচ্ছে , যোগদানকারীরা প্রত্যেকেই মালদহ ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ।
রাজ্যে এবছরে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দিনক্ষণ এখনও অনিশ্চিত। তাঁর আগে সাগরদিঘি নির্বাচনে জোট প্রার্থীর জয় বাম এবং কংগ্রেসের ভরসা বাড়াচ্ছে। গত বারের ভোটে সন্ত্রাস ও হুমকির কারণে বহু প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি। ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসক দল। সে সময়ে আক্রান্ত হয়েছিলেন দু দলের একাধিক কর্মী সমর্থক। জীবন ও সম্পত্তি রক্ষার তাগিদে তাঁদের অনেকে রাজ্যের শাসক দল তৃণমুল আর নাহলে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির শিবিরে আশ্রয় নিয়েছিলেন। যার পরিণতিস্বরূপ, ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে বেনজির সাফল্য লাভ করে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক মূহুর্ত পর্যন্ত ‘মোদি হাওয়া’ ছিল অব্যাহত। কিন্তু সময় যত গড়িয়েছে, ফিকে হয়েছে গেরুয়া। ধর্মীয় মেরুকরণের প্রভাব সরিয়ে পেট্রোল ডিজেল সহ জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, সরকারি সংস্থাগুলোর বেসরকারিকরণ, দেশের বেকারত্বের ক্রমবর্ধমান হার যখন নির্বাচনের ইস্যু হয়েছে, ভোটের লড়াইয়ে বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির। লাভ তুলেছিল রাজ্যের শাসক দল। ২০২১ পরবর্তী একাধিক উপনির্বাচনে তাঁর ইঙ্গিত সুষ্পষ্ট। কিন্তু নিয়োগ কেলেঙ্কারিতে জর্জরিত তৃণমূলও এখন বেকায়দায়। একাধিক নেতা কর্মী ইডি-সিবিআইয়ের তদন্তের সম্মুখীন হচ্ছেন। ২০১১, ১৬ এবং ২১ সালে যে গণদেবতা ঘাসফুল শিবিরকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দিয়েছিল, বহুদলীয় গণতন্ত্রে তাঁরাই আজ বিকল্পের সন্ধানে।
❤ Support Us







