Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৫

মঙ্গলকোটে তৃণমূল কর্মীর মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। খুনের অভিযোগকেই মান্যতা, ধৃত ৩

আরম্ভ ওয়েব ডেস্ক
মঙ্গলকোটে তৃণমূল কর্মীর মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। খুনের অভিযোগকেই মান্যতা, ধৃত ৩

গাড়ির ধাক্কায় মঙ্গলকোটের তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেপ্তার করল। ধৃত সঞ্জয় হাঁসদা মঙ্গলকোটের চানক, টুয়েল মল্লিক চাকদা ও মেহের আলি কোটালঘোষ গ্রামের বাসিন্দা। তাদেরকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ১২ ফেব্রুয়ারি কাটোয়ায় কাজ সেরে মঙ্গলকোটের লাখুড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল শেখকে বাইকে চাপিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী লালু শেখ। নতুনহাট—গুসকরা রোডের আটঘড়া মোড়ের কাছে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারলে বাইক থেকে বেশ খানিকটা দূরে ছিটকে পড়েন মফিজুল ও লালু। ঘটনাস্থলে মৃত্যু হয় লালুর। মফিজুল এখনো কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর লালুর ছেলে সাহিন শেখ মঙ্গলকোট থানায় এলাকার ২৩ জনের বিরুদ্ধে ‘বাবাকে পরিকল্পিতভাবে খুন করার’ লিখিত অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সূত্রের খবর, পুলিশের জেরার মুখে সঞ্জয় প্রথমটা ‘ফাঁসানোর তত্ত্ব’ খাড়া করলেও শেষমেশ খুনের অভিযোগেই সায় দিয়েছে।

অভিযোগের তদন্তে নেমে ঘটনাস্থলের কাছাকাছি থাকা সিসি ক্যামেরার ৮টি ফুটেজ দেখে সঞ্জয়কে জালে তুলেছে পুলিশ। বাকিদের খোঁজ চালাচ্ছে। ঘাতক সাদা রঙের গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত সঞ্জয় ওই গাড়ির মধ্যেই ছিল। কয়েকদিন আগে কেতুগ্রামের চেঁচুরিতে ভয়াবহ বিস্ফোরণ, তারপর মঙ্গলকোটে গাড়ির ধাক্কায় মৃত্যুতে ‘পরিকল্পিত খুনের’ অভিযোগকে কেন্দ্র করে ফের ওই ২ থানা এলাকায় নতুন করে অশান্তি পাকানোর ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে মনে করেন ২ থানার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। দামোদরের পাড়ে রায়না, খণ্ডঘোষেও টুকটাক অশান্তি চলছে। জেলাজুড়ে সাড়ে ৩ হাজার সিসি ক্যামেরা রয়েছে। তবে কয়েকটা ঘটনার ভিত্তিতে জেলার সমস্ত থানাকে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি বাড়ানোর নির্দেশ দিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস। সেইসঙ্গে জনসংযোগ ও সোর্স নেটওয়ার্ক বাড়ানোর উপর জোর দিতে বলেছেন পুলিশ সুপার। এক্ষেত্রে সিসি ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দাবি পুলিশের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!