Advertisement
  • দে । শ
  • মার্চ ৮, ২০২৫

কলকাতা হাইকোর্টে নিয়োগ ৩ জন নতুন বিচারপতি, সুপ্রিমে উত্তরণ জয়মাল্য বাগচির

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা হাইকোর্টে নিয়োগ ৩ জন নতুন বিচারপতি, সুপ্রিমে উত্তরণ জয়মাল্য বাগচির

হাইকোর্টে বিচারপতির ঘাটতি দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এবার সেই সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় আইনমন্ত্রক ও সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন ৩ জন। দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টে নতুন বিচারপতি নিয়োগের জন্য ৫ জনের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র, তলয় মাসুদ সিদ্দিকি, কৃষ্ণরাজ ঠাকুর, এবং আইনজীবী ওম নারায়ণ রাই-এর নাম উঠে এসেছিল প্রাথমিক আলোচনায়। তাঁদের মধ্যে ৩ জনের নাম অনুমোদন দিয়েছে কেন্দ্র, যারা অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন। অনুমোদন মিলেছে রাষ্ট্রপতির তরফেও। কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে চলেছেন স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র ও ওম নারায়ণ রাই।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি এই ৩ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন।’ সাধারণত অতিরিক্ত বিচারপতিদের ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এই সময়ের মধ্যে তাঁদের কার্যক্ষমতা ও পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। এরপর যদি তাঁরা সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করেন, তবে তাঁদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টে সদ্য নিয়োগ পাওয়া ৩ অতিরিক্ত বিচারপতির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাঁরা এই পদে নিযুক্ত হওয়ার পর তাঁদের বিচারিক দক্ষতা, ন্যায়বিচার প্রদানের ক্ষমতা আর আদালতের কার্যক্রম পরিচালনার দক্ষতা বিবেচনা করে স্থায়ী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারপতির ঘাটতি প্রকট। গত জানুয়ারিতে প্রকাশিত এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিচারপতির শূন্যপদের নিরিখে এটি দেশে তৃতীয় স্থানে রয়েছে।  ২০২২ সালের পর থেকে হাইকোর্টে নতুন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো অনুমোদন দেয়নি কেন্দ্র। এই পরিস্থিতিতে, ২৯টি শূন্যপদ পূরণের দাবিতে আইনজীবীরা গণস্বাক্ষর সংগ্রহ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে আবেদন জানান। আইনজীবীদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই অবশেষে নতুন বিচারপতি নিয়োগের ঘোষণা এল। তবে এখনও অনেক শূন্যপদ রয়েছে, যা দ্রুত পূরণ করার দাবি জানাচ্ছেন আইনজীবীরা।

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টে পদোন্নতির সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম।  সরকার যদি এই প্রস্তাব গ্রহণ করে, তাহলে বিচারপতি কে ভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর, ২০৩১ সালের মে মাসে বিচারপতি বাগচী শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে হবেন। ১৮ জুলাই, ২০১৩ তারিখে ভারতের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আলতামাশ কবীরের অবসর গ্রহণের পর, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কেউ নিযুক্ত হন নি। প্রধান বিচারপতিসহ সর্বভারতীয় হাইকোর্টের বিচারকদের সম্মিলিত তালিকায় বিচারপতি বাগচী ১১ তম স্থানে আছেন।  তিনি ১৩ বছরেরও বেশি সময় ধরে হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আইনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের আগে,  বিচারপতি বাগচীকে সুপ্রিম কোর্টে ৬ বছরেরও বেশি সময়ের জন্য দায়িত্ব সামলাতে হবে। এ ছাড়াও কলকাতা হাইকোর্টের আর এক বিচারপতি হরিশ টন্ডনকে ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!