- দে । শ
- সেপ্টেম্বর ১৩, ২০২৪
গ্রেপ্তার ষাঁড় চুরি চক্রের ৩ সদস্য
কয়েক মাস ধরেই প্রায়ই চুরি যাচ্ছিল ষাঁড়। শেষ পর্যন্ত চুরি চক্রের ৩ সদস্যকে জালে তুলল পুলিশ। কয়েকদিন ধরেই নাদনঘাট থানা এলাকায় প্রায়ই চুরি যাচ্ছিল ষাঁড়। তার ফলে এলাকায় উদ্বেগ ছড়ায়। গত কাল ভোরে একটি ষাঁড় চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ধরে ফেলল অভিযুক্তদের। তাদেরকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতরা হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা এলাকার আশিকুল্লা খান ওরফে আশিক, সন্তোষপুরের বাসিন্দা রাইহান লস্কর ওরফে বাপি ও বাকি অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানা এলাকার বাসিন্দা আব্দুল শুকুর। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরবেলায় ষাঁড় চুরি করে নিয়ে পালানোর সময় অভিযুক্তদের ধাওয়া করে নাদনঘাট থানার পুলিশ। কানলা-কাটোয়া এসটিকেকে রোডের ধারে সুলন্টু এলাকায় ষাঁড় সমেত গাড়িটিকে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। তল্লাশি চালিয়ে পূর্বস্থলীর পারুলিয়া বাজার এলাকা থেকে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ষাঁড় চুরির অভিযোগ স্বীকার করে নিয়েছে। জানা গিয়েছে, ষাঁড় চুরি করে মেটিয়াবুরুজ হাটে বিক্রি করতো অভিযুক্তরা। অভিযুক্তদের জেরা করে চক্রের অন্যান্য সদস্যদের জালে তুলতে তৎপর পুলিশ।
❤ Support Us






