- প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১৮, ২০২২
সেকেন্দ্রাবাদের কস্তুরবা গান্ধী কলেজে গ্যাস লিকের ঘটনায় ৩০ জন ছাত্রী অসুস্থ
শুক্রবার তেলেঙ্গনার সেকেন্দ্রাবাদের কস্তুরবা গান্ধী কলেজে গ্যাস লিকের ঘটনায় ৩০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষ তাদের হাসপাতালে নিয়ে যায়। সর্বশেষ খবর অনুযায়ী ছাত্রীরা বিপদমুক্ত হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কলেজের বিজ্ঞান ল্যাব থেকে রায়ায়নিক গ্যাস লিক হয়েছিল। পরে পুরো বিষয়টি তদন্ত করে কলেজ প্রশাসন জানিয়েছে, এটি গ্যাস লিকের ঘটনা নয়। কলেজের পাশে পড়ে থাকা আবর্জনা থেকে ধোঁয়া ওঠার কারণেই ঘটনাটি ঘটেছে। কিন্তু প্রশ্ন উঠছে, কলেজের অদূরে পড়ে থাকা আবর্জনার মধ্যে এমন কী ছিল, যে গ্যাস নিঃসৃত হওয়ায় ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে এদিন দুপুর ১.৪৫ থেকে ২.১৫ নাগাদ। ছাত্রীরা তখন সবে মাত্র দুপুরের টিফিন শেষ করেছে। এরপরই বেশ কয়েকজন হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যায়। অনেকের বমি শুরু হয়। কিছু শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পুরো কলেজে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সঙ্গে সঙ্গে অসুস্থ ছাত্রীদের কাছেই গীতা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এরপরে হায়দরাবাদ সিটি পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। দমকলবাহিনীও হাজির হয়। পুলিশ এসে তদন্ত শুরু করে।
প্রায় ২ ঘণ্টার পূর্ণাঙ্গ তদন্তের পর স্পষ্ট হয়েছে দুর্ঘটনার সময় কোনও ল্যাব সক্রিয় ছিল না। কলেজের কোনও ল্যাবের ভেতরেও কিছু লিক হয়নি। কলেজ প্রশাসন জানিয়েছে, কলেজের পেছনে একটা ডাম্প ইয়ার্ড রয়েছে। সেখান থেকে হঠাৎ করে কলেজে বিষাক্ত বাতাস ঢুকে পড়ে। এতেই ছাত্রীরা আক্রান্ত হয়। প্রশ্ন উঠছে, ওই ডাস্টবিনে কী ধরনের বিষাক্ত বর্জ্য পড়ে আছে? এখন কী ধরনের বিষাক্ত বর্জ্য ছিল তা পুলিশ ও বিশেষজ্ঞদের তদন্তের পরই পরিষ্কার হবে।
হাসপাতালে ভর্তি হওয়া বেশ কয়েকজন ছাত্রের অভিভাবকরা গীতা নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখান। অভিভাবকরা গাফিলতির জন্য কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনার পর শনিবার ছুটি ঘোষণা করেছে কলেজ প্রশাসন। মরদেপল্লী থানায় অবহেলার অভিযোগ দায়ের করে তদন্ত চলছে।
❤ Support Us








