- দে । শ
- সেপ্টেম্বর ২৩, ২০২২
এবার প্রায় ৫৫ কোটি টাকার সোনার বাট উদ্ধার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে
কোথাও টাকা, কোথাও সোনা। বেআইনি সম্পত্তি নিয়ে জেরবার রাজ্য প্রশাসন। কিছুদিন আগেই মালদায় প্রায় কোটি কালো টাকা উদ্ধার করেছিল পুলিশ। এবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটা গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ১১ কেজি সোনা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫৫ কোটি টাকা।
শুক্রবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে টহল দিচ্ছিল পুলিশ। পুলিসের কাছে খবর ছিল একটা গাড়িতে করে সোনা পাচার করা হচ্ছে। সেইমতো স্থানীয় থানাকে সজাগ করে দেওয়া হয়েছিল। ব্যারাকপুরের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ ওই গাড়িটিতে তল্লাসি শুরু করে। তল্লাসির সময় একটা ব্যাগে সোনার বাটগুলি দেখতে পায় পুলিশ। সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করে সোনার বাটগুলি উদ্ধার করে। গাড়ির চালকসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোনার বাটগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ব্যাপারে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সোনার বাটগুলি মেদিনীপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সোনার বাট উদ্ধারের পর পুলিশের ডিসি ইএসডি অজয় প্রসাদ জানিয়েছেন, বেআইনিভাবে সোনার বাটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটি পশ্চিমবঙ্গের বলে জানা গেছে। চালকসহ ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে কার নির্দেশে সোনার বাটগুলি পাচার করা হচ্ছেল।
❤ Support Us





