- দে । শ
- অক্টোবর ১৮, ২০২২
মমতাকে শুভেন্দুর প্রশ্ন, সৌরভকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হচ্ছে না কেন?
সৌরভ গাঙ্গুলিকে নিয়ে উত্তাল রাজ্য–রাজনীতি। তৃণমূল ও বিজেপির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সরানোর জন্য বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় সৌরভ গাঙ্গুলির হয়ে ব্যাটিং করতে ক্রিজে নেমে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, কেন অন্যায়ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হল সৌরভকে। মহারাজকে যাতে আইসিসি–তে পুনর্বাসন দেওয়া হয়, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন মমতা ব্যানার্জি।
সৌরভের হয়ে মমতা ব্যানার্জি মাঠে নামতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে কটাক্ষ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ‘উদ্বিগ্ন’ মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে শাহরুখ খানকে সরিয়ে সৌরভ গাঙ্গুলিকে নিযুক্ত করার। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা ব্যানার্জি সৌরভের ইস্যুটিকে রাজনীতিকরণ করার এবং বাঙালি অনুভূতি জাগ্রত করার চেষ্টা করছেন। তাঁর দাবি, সৌরভ গাঙ্গুলিকে তিনি রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিয়োগ করতে বলেছিলেন।
শুভেন্দু অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রী বিষয়টিকে রাজনীতিকরণ করার চেষ্টা করছেন এবং সৌরভ গাঙ্গুলিকে ঘিরে বাঙালির আবেগকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এতে কোনও রাজনীতি নেই। তিনি যদি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এতই উদ্বিগ্ন হন, তাহলে শাহরুখ খানের পরিবর্তে সৌরভকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করছেন না কেন? তাঁর অবিলম্বে সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করা উচিত।’ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার এক বছর পরে, ২০১১ সালে শাহরুখ খানকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করা হয়েছিল।
এদিন মুম্বইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। বিপক্ষকে কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রজার বিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সৌরভ গাঙ্গুলি নবনির্বাচিত প্রেসিডেন্টের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন। সৌরভ গাঙ্গুলিকে আইসিসি–তে পাঠানো হবে কিনা, তা এদিন বোর্ডের সভায় আলোচনা হয়নি।
❤ Support Us





