- প্রচ্ছদ রচনা
- মার্চ ২৫, ২০২২
রামপুরহাট কাণ্ডের তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের। ৭ এপ্রিলের মধ্যে দিতে হবে প্রাথমিক রিপোর্ট ।
এখন থেকে রাজ্য সরকারের সিট কোনও তদন্ত করতে পারবে না ।
রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট৷ এ দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক নির্দেশিকায় জানিয়েছে, এখন থেকে এই কেসে রাজ্য সরকারের সিট কোনও তদন্ত করতে পারবে না৷ হাইকোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিবিআই৷
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যত দ্রুত সম্ভব সিবিআই বগটুই গ্রামে গিয়ে তদন্ত শুরু করে দেয়। প্রাথমিক তদন্তের পর আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআই-কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব পরিস্তকার জানিয়ে দেন, তদন্তের নিরেপক্ষতা বজায় রাখতে হাইকোর্টের নজরদারিতেই কাজ করতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে।
ইতিমধ্যে, বগটুই গ্রামের নৃশংস ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় বলে দাবি করে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা৷ এ দিন নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি জানান, গত সোমবার একটি ঘরে আটজনকে পুড়িয়ে মারার যে ঘটনা ঘটেছে, তাতে জনমানসে মারাত্মক প্রভাব পড়েছে৷ পুলিশ, আদালত, আইনের শাসনের উপরে সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত শাস্তির প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি৷গত বুধবারই রামপুরহাট কাণ্ডে কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ পাশাপাশি গোটা গ্রাম সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷
বৃহস্পতিবার বগটুই হত্যাকাণ্ড মামলার শুনানি শেষ হয়েছে কলকাতা হাই কোর্টে। বগটুই গ্রামে আগুনে পুড়ে আট গ্রামবাসীর মৃত্যু হয়েছে। সেই ঘটনায় হাই কোর্টে গৃহীত স্বতঃপ্রণোদিত মামলা-সহ পাঁচটি মামলার শুনানি হয় এক সঙ্গে। হাই কোর্টের নির্ধারিত সময়ের পরও বাড়তি সময় নিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ শুনানি শেষ করে। তবে বৃহস্পতিবার এই মামলায় রায় ঘোষণা না হলেও শুক্রবার রায় দিতে পারে হাই কোর্ট।
উল্লেখ্য, শুক্রবার বিধানসভার অধিবেশনের শুরুতেই রামপুরহাট নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির সদস্যরা। ওয়েলে নেমে স্লোগান দেন তাঁরা। এর পর বিক্ষোভও দেখান। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করলেন বিজেপি-র চিফ হুইপ মনোজ টিগ্গা। বিক্ষোভের মধ্যেই রিপোর্ট পেশ করছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
❤ Support Us








