- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৭, ২০২৫
অমরনাথ যাত্রায় পাথরের আঘাতে তীর্থযাত্রীর মৃত্যু, বৃষ্টিপাতের জেরে যাত্রাপথে বহু জায়গায় ধস। আহত পুলিশকর্মী-সহ ১১। স্থগিত পুণ্যযাত্রা
উত্তরকাশ্মীরের বালটাল রুটে অমরনাথ যাত্রার পথে, পাহাড় গড়িয়ে নেমে আসা পাথরের আঘাতে মৃত্যু হলো এক মহিলা তীর্থযাত্রীর। আহত হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের ২ উদ্ধারকর্মী-সহ আরো ৯জন। উপত্যকায় টানা বৃষ্টিপাতের জেরে যাত্রাপথে একাধিক জায়গায় ধস, কাদামাটি আর পিচ্ছিলতা তৈরি হওয়ায় প্রশাসনের তরফে যাত্রা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে সাঙ্গম টপ ও লোয়ার কেভ-এর মাঝামাঝি এলাকায় আচমকা ‘শুটিং স্টোন’ বা পাহাড় থেকে গড়িয়ে নামা পাথরে গুরুতর আহত হন গুজরাটের ভরুচ জেলার বাসিন্দা, ৫৩ বছর বয়সি উর্মিলা বেন। তাঁকে উদ্ধার করতে ছুটে যান মাউন্টেন রেসকিউ টিমের ২ পুলিশকর্মী মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ ইয়াসিন। তাঁরাও পাথরের ছোঁয়ায় আহত হন। সেনার সহায়তায় তাঁদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেলিকপ্টারের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান উর্মিলা বেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ হয়নি উদ্ধারকারীদের। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং এক বিবৃতিতে বলেন, ‘দুঃখজনক এ ঘটনায় আমরা শোকাহত। আহত পুলিশকর্মীদের সাহসিকতায় গর্বিত। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এ ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ‘বালটাল ট্র্যাক’ জুড়ে। প্রশাসনের তরফে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় তীর্থযাত্রা। এ বছর এই প্রথমবার জম্মু থেকেও যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানান রাজ্য সরকারের মুখপাত্র। এদিকে, একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, বালটাল রুটে প্রবল কাদামাটি আর ধসের মুখে পড়েছেন তীর্থযাত্রীরা। দুই ভক্ত কাদার তোড়ে ভেসে যান। পরে তাঁদের স্থানীয়রা উদ্ধার করেন। রেলিং ধরে কোনোমতে প্রাণ বাঁচাতে দেখা যায় অনেককে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনীর একাধিক টিম। সীমান্ত সড়ক সংস্থা শুরু করেছে ক্ষতিগ্রস্ত যাত্রাপথের পুনর্নির্মাণ। সরকারি পরিসংখ্যান বলছে, গত তিন দিনে হৃদরোগ বা উচ্চতাজনিত অসুস্থতায় আরও ৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জন তীর্থযাত্রীর।
তবে যাত্রার আয়োজন ঘিরে প্রশাসনের প্রস্তুতির অভাব নেই। ১ জুলাই থেকে শুরু হওয়া ৬২ দিনের দীর্ঘতম অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত প্রায় ২.৮ লক্ষ তীর্থযাত্রী পুজো দিয়েছেন ১৩,০০০ ফুট উঁচুতে অবস্থিত বরফের গুহামন্দিরে। সেখানে স্বাভাবিক ভাবেই গঠিত বরফের শিবলিঙ্গকে কেন্দ্র করে চলে পুণ্যযাত্রা। শিবের ডানপাশে গঠিত ছোট বরফের স্তম্ভটি পার্বতী এবং বাঁদিকে গণেশের প্রতীক মানেন ভক্তরা। বিদেশ থেকেও বহু তীর্থযাত্রী হাজির হচ্ছেন এই পূণ্যযাত্রায়। সরকারের আশা, এবারের দীর্ঘ যাত্রায় প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী অংশ নেবেন। কিন্তু প্রকৃতি যে কখন কী রূপ নেয়, তার হিসেব রাখে না কেউ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপত্যকায় আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত চলবে। গত ২৪ ঘণ্টায় পহেলগামে রেকর্ড ৩৪.৯ মিমি বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে তবেই যাত্রা ফের শুরু করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। অন্যদিকে, রবিবার সকালে বালটাল বেসক্যাম্পের কয়েক কিলোমিটার নিচে, নিলগ্রাথ এলাকায়, একটি গাড়ি দুর্ঘটনায় আহত হন সিআরপিএফ-এর ৮ জওয়ান। তাঁদের মধ্যে গুরুতর জখম পাটিল ভাট্টুকে ভর্তি করা হয়েছে শ্রীনগরের এসকেআইএমএস হাসপাতালে। বাকিদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
❤ Support Us






