Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ১৩, ২০২২

দায়িত্ব নিয়েই মোদিকে ধন্যবাদ বিক্রমাসিংঘের, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার ডাক দিলেন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
দায়িত্ব নিয়েই মোদিকে ধন্যবাদ বিক্রমাসিংঘের, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার ডাক দিলেন ।

ছবি: টুইটার

রনিল বিক্রমাসিংঘে বৃহস্পতিবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । শ্রীলঙ্কার ২৬ তম প্রধানমন্ত্রী হলেন ৭৩ বছর বয়সি রনিল বিক্রমাসিংঘে । শপথ নিয়েই শ্রীলঙ্কার প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ডাক দিলেন তিনি। পাশাপাশি দেশের চরম আর্থিক দুরাবস্থার সময়ে অর্থনৈতিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই এক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রনিল সেখানেই ভারতের উদ্দেশে এই তাৎপর্যপূর্ণ বার্তা দেন তিনি । আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কাকে ৩০০ কোটি ডলার সাহায্যের বার্তা দিয়েছে ভারত। রনিলের শপথের পরই ভারতের তরফে জানিয়ে দেওয়া হয় যে গণতান্ত্রিক পদ্ধতি মেনেই তৈরি হওয়া নতুন শ্রীলঙ্কার সরকারের সঙ্গে কাজ করতে বিশেষ আগ্রহী ভারত, নয়া দিল্লি দ্বীপরাষ্ট্রের জনসাধারণকে যে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তা অক্ষুণ্ণ থাকবে ।

দীর্ঘ সময় ধরেই বিক্ষোভের আঁচে পুড়ছিল শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে সোমবার পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। সেই সময় থেকেই প্রশ্ন উঠছিল, এবার প্রধানমন্ত্রী কে হবেন? তখনই ওয়াকিবহাল মহলের ধারণা হয়, বিক্রমাসিংঘে ছাড়া সম্ভবত আর কোনও ‘অপশন’ নেই। তিনি চারবার দেশের মসনদে বসেছেন। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হয়েছে। তাঁকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

রণক্ষেত্রে পরিণত হওয়া শ্রীলঙ্কার পরিস্থিতি শোধরাতে মরিয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বুধবারই শাসক দল ও প্রধান বিরোধী দল এসজেবির প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক হয়। এরপরই দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন বিক্রমাসিংঘেকে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!