Advertisement
  • দে । শ
  • মে ২০, ২০২২

ডিএ মামালা: বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, ৩ মাস বেঁধে দিল হাইকোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিএ মামালা: বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, ৩ মাস বেঁধে দিল হাইকোর্ট

ডিএ মামলায় রাজ্যের আর্জি খারিজ। স্যাটের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ । ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিল আদালত । কেন্দ্রীয় হারে ডিএ মেটাতেই নির্দেশ । হাইকোর্টের স্পষ্ট কথা, ‘ডিএ বা মহার্ঘভাতা আইনি অধিকার, মৌলিক অধিকার।’শুক্রবার এই মামলার রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ বলে, ‘ ডিএ হচ্ছে মৌলিক অধিকার । সরকারের যারা মূল শক্তি, তাঁদের দাবিকে এভাবে অস্বীকার করা যায় না। তাঁদের ডিএ অস্বীকার করলে, সেটা ডিমোরালাইজ করা হবে। স্যাট যথাযথ রায় দিয়েছিল।’ ২০০৯-এর জুলাই মাস থেকে বকেয়া ডিএ দিতে নির্দেশ । যা নিঃসন্দেহে চাপ তৈরি করবে রাজ্যের উপর ।

সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য মোট মহার্ঘভাতা ৩৪ শতাংশ। ওদিকে ষষ্ঠ বেতন কমিশন দীর্ঘ টালবাহানার শেষে লাগু হওয়ার পর রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘভাতা ৩ শতাংশ। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়ার পরিমাণ ৩১ শতাংশ।

জানা যাচ্ছে, আদালতে রাজ্য জানায় যে, রাজ্যের তহবিল কার্যত শূন্য। টাকা নেই। আর সেই কারণেই উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের আজকের রায় নিঃসন্দেহে চাপ বাড়াল রাজ্য সরকারের উপর । কারণ রাজ্যের ভাঁড়ারে টান । বিভিন্ন প্রকল্পের খরচ চালাতেই হিমশিম খেতে হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর ।

বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ স্পষ্টতই জানিয়েছে, মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের আইনত অধিকার, মৌলিক অধিকার। সেইসঙ্গে রাজ্য সরকারের যুক্তিও গৃহীত হয়নি হাইকোর্টে।বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী কল্লোল বসু জানান, এটা ঐতিহাসিক রায়। সংবিধানের ২১ নম্বর ধারার আওতায় ডিএ হল রাজ্য সরকারি কর্মীদের অধিকার। হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে সর্বভারতীয় মূল্যবৃদ্ধি সূচক অনুযায়ী ডিএ মিটিয়ে দিতে হবে ।

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের দাবি, দীর্ঘদিনের লড়াইয়ে সাফল্য মিলেছে। রাজ্য আবার সুপ্রিম কোর্টে যেতে পারে। তবে সুপ্রিম কোর্টে না গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডিএ মিটিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে । রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের এক প্রতিনিধির বক্তব্য, ‘আমরা আপনাদের শত্রু নয়। আপনি আমাদের অভিভাবক’।


❤ Support Us
error: Content is protected !!