- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২০, ২০২৬
রাজ্যে বাড়বে কর্মসংস্থান! ৩৩ শিল্প ইউনিটকে জমি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার
রাজ্যে শিল্পস্থাপন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মোট ৩৩টি শিল্প ইউনিটকে জমি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই শিল্প ইউনিটগুলিতে প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে জানা গিয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’-এর অধীন আটটি শিল্পপার্কে ২৪টি শিল্প ইউনিটকে মোট ৪৬৩.১৪ একর এবং ৬,৩৯৭.২৩ বর্গফুট জমি লিজহোল্ডে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই শিল্প ইউনিটগুলিতে প্রায় ৬২,৭১২ জনের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ‘ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন’-এর অধীন চারটি শিল্পপার্কে আরও ৯টি শিল্প ইউনিটের জন্য ৭৮.১৭৮৬ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আরও প্রায় ৫,৮৭২টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে ৩৩টি শিল্প ইউনিটের মাধ্যমে রাজ্যে প্রায় ৬৮,৫৮৪টি কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে।
চা-বাগানের জমি ব্যবহারের ক্ষেত্রেও নীতিতে পরিবর্তন আনছে রাজ্য সরকার। চা-বাগানে চা পর্যটন ও অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য ব্যবহারযোগ্য জমির পরিমাণ নির্ধারণ করা হয়েছে বাগানের মোট জমির ১৫ শতাংশ পর্যন্ত। তবে কোনো ক্ষেত্রেই সর্বোচ্চ সীমা ১৫০ একরের বেশি হবে না। পরিবেশগত বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে ‘চা পর্যটন ও আনুষাঙ্গিক ব্যবসা নীতি, ২০১৯’-এ সংশোধন আনার সিদ্ধান্ত হয়েছে। এদিন আলিপুরদুয়ারের সঙ্কোষ চা-বাগানের প্রায় ১১৮.৪২ একর জমি সরকার পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ এসআইবি-র একটি ফ্রন্টিয়ার চেকপোস্ট এবং ওসিআর কমপ্লেক্স তৈরির জন্য জলপাইগুড়ি জেলার চামুরচি চা-বাগানের ০.৬৯ একর জমিও সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে।
শিল্পের পাশাপাশি মাদকবিরোধী পদক্ষেপেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নিষিদ্ধ মাদকের প্রবেশ রুখতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাজ্যে অ্যান্টি-নারকোটিক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার তত্ত্বাবধানে এই বিশেষ টাস্ক ফোর্স কাজ করবে। সীমান্ত নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রেও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মালদহ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে রাস্তা নির্মাণ এবং সীমান্তে বেড়া দেওয়ার জন্য ১৩.৯১৪১ একর সরকারি খাস জমি বিএসএফকে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি দফতরে নতুন পদ সৃষ্টির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। পদকজয়ী ক্রীড়াবিদ পুজা দাসকে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উচ্চশিক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। ‘পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষ (কর্মচারীদের পিএফ নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৩’-এর আওতায় ২১টি বিশ্ববিদ্যালয়ের পিএফ-সংক্রান্ত বিষয়গুলিকে একত্রিত করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে আরও সুসংহত করার লক্ষ্যে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ বিধানসভায় পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি থেকে শুরু করে মাদকবিরোধী অভিযান, চা-বাগানের জমির ব্যবহার, সীমান্ত পরিকাঠামো, সরকারি নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো— বুধবারের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
❤ Support Us






