- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২০, ২০২৬
ঘোষণার চার দিনের মধ্যেই ‘এআই ডেটা সেন্টার’-এর প্রস্তাব প্রত্যাহার আন্দামান-নিকোবর প্রশাসনের
ঘোষণার চার দিনের মধ্যেই ‘গ্রিন’ এআই ডেটা সেন্টার তৈরির প্রস্তাব প্রত্যাহার করে নিল আন্দামান-নিকোবর প্রশাসন। ১০ আগস্ট বেসরকারি সংস্থাগুলির কাছ থেকে আগ্রহপত্র বা ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) চেয়েছিল দ্বীপ প্রশাসনের তথ্যপ্রযুক্তি দফতর। গ্রেট নিকোবর অথবা লিটল আন্দামানে বেসরকারি উদ্যোগে পরিবেশবান্ধব ‘এআই ডেটা সেন্টার’ গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করাই ছিল সে উদ্যোগের লক্ষ্য। কিন্তু ১৪ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে সেই ‘ইওআই’-ই ‘প্রশাসনিক কারণে’ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
ঠিক কী কারণে এ সিদ্ধান্ত, তা অবশ্য জানায়নি প্রশাসন। ১৪ অগস্টের বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়েছে, ১০ আগস্ট প্রশাসনের পোর্টালে প্রকাশিত বেসরকারি ক্ষেত্রের নেতৃত্বে ‘গ্রিন এআই/ডেটা সেন্টার’ তৈরির আগ্রহপত্রটি ‘প্রশাসনিক কারণে’ অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে। ফলে মাত্র চার দিনের মধ্যেই থমকে গেল প্রস্তাবিত প্রকল্পের প্রাথমিক প্রক্রিয়া। ১০ আগস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কোনো আর্থিক দায় বা প্রতিশ্রুতি ছাড়াই বেসরকারি সংস্থাগুলির কাছ থেকে আগ্রহপত্র চাওয়া হচ্ছে। ‘হাইপারস্কেলার’, ‘ক্লাউড’ পরিষেবা প্রদানকারী, এআই পরিকাঠামো সংস্থা, ডেটা সেন্টার নির্মাতা ও পরিচালনাকারী সংস্থা, সামুদ্রিক ইঞ্জিনিয়ারিং সংস্থা, পুনর্নবীকরণযোগ্য শক্তি সংস্থা, সাবমেরিন যোগাযোগ পরিকাঠামো সংস্থা-সহ প্রযুক্তিগত ভাবে যোগ্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব চেয়েছিল প্রশাসন।
প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছিল গ্রেট নিকোবরের ক্যাম্পবেল, অ্যান্ডারসন, বিজয়নগর এবং গান্ধীনগরের সমুদ্রতট এলাকা। লিটল আন্দামানের হাটবে এবং নেতাজি নগর সমুদ্র এলাকাও তালিকায় ছিল। প্রশাসনের যুক্তি ছিল, দ্বীপের কৌশলগত অবস্থান, সমুদ্রের জলের সহজলভ্যতা, পুনর্নবীকরণযোগ্য শক্তির সম্ভাবনা, সাবমেরিন অপটিক্যাল ফাইবার যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ ইন্দো-প্যাসিফিক সমুদ্রপথের কাছাকাছি অবস্থানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ-উপযোগী ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ডেটা সেন্টারে থাকত হাইপারস্কেল এবং এআই-কেন্দ্রিক পরিকাঠামো, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ, উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ব্যবস্থা, ক্লাউড কম্পিউটিং এবং সার্বভৌম ডিজিটাল পরিকাঠামো। পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তিনির্ভর ডেটা সেন্টার চালানো, সমুদ্রের জল ব্যবহার করে শীতলীকরণ, মিঠা জল ছাড়াই কুলিং ব্যবস্থা এবং বর্জ্য তাপ পুনর্ব্যবহারের মতো প্রযুক্তির কথাও ছিল প্রস্তাবে। এমনকি ওই তাপকে নিম্ন-তাপমাত্রার লবণমুক্তকরণ বা অন্য উৎপাদনমূলক কাজে ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখার কথা বলা হয়েছিল। প্রশাসনের বক্তব্য ছিল, এটি কোনো টেন্ডার নয়। কোনো সংস্থাকে জমি, আর্থিক সহায়তা, ছাড় বা বাণিজ্যিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। বরং বাজারের পরিস্থিতি বোঝা, প্রযুক্তির মূল্যায়ন, প্রকল্পের আর্থিক ও পরিবেশগত সম্ভাব্যতা যাচাই এবং বেসরকারি সংস্থাগুলির আগ্রহ কতটা, তা বোঝার জন্যই এ উদ্যোগ। আগ্রহী সংস্থাগুলিকে বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে প্রস্তাব জমা দিতে বলা হয়েছিল।
কিন্তু সে সময়সীমা শেষ হওয়ার অনেক আগেই উদ্যোগটি প্রত্যাহার করা হলো। নতুন সিদ্ধান্তের সময়টও নজর কেড়েছে, কারণ ‘গ্রেট নিকোবর প্রকল্প’কে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। পরিবেশ ও জনজাতি অধিকার প্রশ্নে কেন্দ্রকে এ নিয়ে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে বিরোধী দলগুলি। ‘গ্রেট নিকোবর প্রকল্প’-এ প্রস্তাবিত বৃহৎ পরিকাঠামো প্রকল্পের মধ্যে রয়েছে আন্তর্জাতিক কনটেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, গ্রিনফিল্ড বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র এবং নতুন জনপদ তৈরির পরিকল্পনা। প্রকল্পটি প্রায় ১৬৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলার কথা। কিন্তু, এর পরিবেশগত প্রভাব আর স্থানীয় জনজাতি সম্প্রদায়ের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতিমধ্যেই নানাস্তরে তীব্র সমালোচনা চলছে।
বিশেষ করে শম্পেন ও নিকোবরি জনজাতি সম্প্রদায়ের জীবনযাত্রা, দ্বীপের অরণ্য ও জীববৈচিত্র্যের উপর এ ধরনের বৃহৎ পরিকাঠামো নির্মাণের প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। প্রকল্প নিয়ে একাধিক পরিবেশগত ও আইনি প্রশ্নও উঠেছে। সে আবহেই সেখানে আরও একটি বৃহৎ প্রযুক্তি পরিকাঠামো গড়ে তোলার সম্ভাবনা সামনে আসায় বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল। প্রস্তাবিত ডেটা সেন্টারের সম্ভাব্য স্থানগুলির কয়েকটি আবার দ্বীপের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে যুক্ত। ফলে প্রকল্পটি নিয়ে স্থানীয় স্তরে কতটা আলোচনা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে চার দিনের মাথায় বিজ্ঞপ্তি প্রত্যাহারের ফলে আপাতত সে উদ্যোগের ভবিষ্যৎ অনিশ্চিত। আন্দামান-নিকোবার প্রশাসনের তরফে অবশ্য এখনো পর্যন্ত ‘প্রশাসনিক কারণ’-এর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে প্রকল্পটি সাময়িক ভাবে স্থগিত হলো, না কি পরবর্তী সময়ে সংশোধিত কোনো প্রস্তাব নিয়ে ফের আসবে প্রশাসন, তা এখনই স্পষ্ট নয়।
❤ Support Us






