Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২০, ২০২৬

দিল্লিতে পাক হাই কমিশনের বাইরে বুলডোজার, ভাঙা হল ব্যারিকেড ও অস্থায়ী নির্মাণ

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লিতে পাক হাই কমিশনের বাইরে বুলডোজার, ভাঙা হল ব্যারিকেড ও অস্থায়ী নির্মাণ

দিল্লির চাণক্যপুরীতে পাকিস্তানের হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার বুলডোজার চালিয়ে ব্যারিকেড এবং অস্থায়ী নির্মাণের একাংশ ভেঙে ফেলা হল । সরকারি একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, হাই কমিশনের সীমানার ওই অংশে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল । সেই কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ।

হাই কমিশনের সামনে মূল প্রবেশপথের রাস্তা এবং ভিসা কেন্দ্রের বাইরে ভিড় নিয়ন্ত্রণের জন্য তৈরি করা পরিকাঠামোরও একাংশ ভেঙে দেওয়া হয়েছে । ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ভারত-পাকিস্তান সম্পর্ক ইতিমধ্যেই যথেষ্ট উত্তপ্ত ।

প্রকাশ্যে আসা কয়েকটি ভিডিয়োয় (যদিও আরম্ভ ওয়েব ডেস্ক ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) দেখা যাচ্ছে, পাকিস্তানের হাই কমিশনের সামনে ধাতব রেলিং, সিমেন্টের চাঁই, খোয়া এবং নির্মাণসামগ্রীর ধ্বংসাবশেষ পড়ে রয়েছে । অস্থায়ী একটি চাল, সাদা রেলিংয়ের অংশ এবং ফটকের কিছু অংশও ভেঙে পড়ে থাকতে দেখা যায় । ভিসা প্রদানকেন্দ্রের জানলার আশপাশের নির্মাণও ক্ষতিগ্রস্ত হয়েছে । ধ্বংসাবশেষের মধ্যে থাকা জানলাগুলিতে এখনও ‘উইন্ডো ১’, ‘কেবলমাত্র পাকিস্তানি পাসপোর্ট’ এবং ‘উইন্ডো ৫ (ভিসার আবেদন সংগ্রহ করা হয়)’ লেখা দেখা যাচ্ছে ।

তবে হাই কমিশনের মূল প্রবেশপথ, গম্বুজাকার নির্মাণ এবং ধাতব ফটকে থাকা পাকিস্তানের প্রতীক অক্ষত রয়েছে ।
ঘটনার ঠিক তিন দিন আগে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের সামনে নিরাপত্তার জন্য বসানো ব্যারিকেড এবং পার্কিংয়ের খুঁটি সরিয়ে দিয়েছিল পাকিস্তান । ফলে দিল্লির এই পদক্ষেপকে ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েনের প্রসঙ্গও সামনে এসেছে ।

এই ঘটনার সঙ্গে আর একটি সাম্প্রতিক ঘটনাও একই সময়ে আলোচনায় এসেছে । ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সম্প্রতি শ্রীনগর সফরে গিয়ে জম্মু ও কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেন । বুধবার তাঁর ওই মন্তব্যের প্রতিবাদে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে তলব করে পাকিস্তান ।

পাকিস্তানের দাবি, জম্মু ও কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’। ইসলামাবাদের বক্তব্য, এই সমস্যার সমাধান রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং ওই অঞ্চলের মানুষের চাহিদার ভিত্তিতে হওয়া উচিত ।

অন্য দিকে, শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করে সার্জিয়ো গোর স্পষ্ট করে জানান, জম্মু ও কাশ্মীর ভারতের অংশ । পাশাপাশি, এই অঞ্চলে ভ্রমণ নিয়ে মার্কিন নাগরিকদের জন্য জারি করা পরামর্শেও কিছু পরিবর্তন আনার কথা জানান তিনি ।

২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই হামলার সঙ্গে পাক-মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর যোগ থাকার অভিযোগ ওঠে । এর পরেই ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ।

এর পর ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সামরিক উপদেষ্টাকে বহিষ্কার করে । পাকিস্তানের হাই কমিশনে কর্মীর সংখ্যাও ৫৫ থেকে কমিয়ে ৩০ করার সিদ্ধান্ত নেয় ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান ।

এই ধারাবাহিক উত্তেজনার মধ্যেই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের সামনে নিরাপত্তা-সংক্রান্ত পরিকাঠামো সরানো এবং তার কয়েক দিনের মধ্যে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরে ব্যারিকেড ও অস্থায়ী নির্মাণের একাংশ বুলডোজ়ারে ভেঙে ফেলার ঘটনা নতুন করে নজর কেড়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!