Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৩১, ২০২৬

মহিলাদের এশিয়া কাপে শেফালির ঝড়, ভারতের কাছে বিধ্বস্ত থাইল্যান্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের এশিয়া কাপে শেফালির ঝড়, ভারতের কাছে বিধ্বস্ত থাইল্যান্ড

চলতি বছরে টি২০ ক্রিকেটে ধারাবাহিকতার বড়ই অভাব ভারতীয় মহিলা ক্রিকেট দলের। এশিয়া কাপে মাঠে নামার আগে ১৬ ম্যাচে ৯টি হার। টি২০ বিশ্বকাপে খারাপ ফিল্ডিংয়ের জন্য ডুবতে হয়েছিল। পাশাপাশি ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবও ভুগিয়েছিল ভারতীয় দলকে। এশিয়া কাপে মাঠে নামার আগে চিন্তা ছিল অধিনায়ক হরমনপ্রীত কাউরের ফর্মও। হরমনপ্রীতের ব্যর্থতা অব্যাহত। তবে শেফালি ভার্মা ও দীপ্তি শর্মার দুরন্ত পারফরমেন্সের ওপর ভর করে মহিলাদের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে বিধ্বস্ত করল ভারত। ভারতের জয় ৯৪ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলে ছিলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মানধানা ও শেফালি ভার্মা। ১০ বলে ১৯ রান করে স্মৃতি আউট হলেও শেফালি তাণ্ডব চালিয়ে যান। মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি। ১৮ বলে ২২ রান করে আউট হন প্রতিকা রাওয়াল। অধিনায়ক হরমনপ্রীত আবার ব্যর্থ। ৯ বলে ৫ রান করে তিনি আউট হন। এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে রান না পেলে হরমনপ্রীতকে হয়তো নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।

হরমনপ্রীত আউট হওয়ার পরপরই ধস নামে ভারতীয় ইনিংসে। শেফালি যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হচ্ছেল ২০০–র কাছাকাছি রান করবে ভারত। তিনি আউট হতেই বড় রানের স্বপ্নের সলিলসমাধি। ৩৬ বলে ৬৪ রান করে আউট হন শেফালি। পরের বলেই ফেরেন রিচা ঘোষ (‌০)‌। শেষপর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান তোলে ভারত।

এই রান তোলাও থাইল্যান্ডের কাছে যথেষ্ট কঠিন ছিল। তার ওপর দীপ্তি শর্মার দুরন্ত বোলিং মেরুদণ্ড গুড়িয়ে দেয় থাইল্যান্ডের। ১৬.‌১ ওভারে মাত্র ৬৫ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ১.‌১ ওভার বোলিং করে কোনও রান না দিয়ে ৩টি উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। একইসঙ্গে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ১৭১। টপকে গেলেন থাইল্যান্ডের থিপাতচা পুত্থাওংকে (‌১৭০)‌। এদিন আরও  একটা নজির গড়লেন দীপ্তি। তৃতীয় ভারতীয় মহিলা ক্রিকেটের হিসেবে ১৫০টি টি২০ ম্যাচ খেললেন। স্পর্শ করলেন হরমনপ্রীত কাউর ও স্মৃতি মানধানার রেকর্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!