Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৮, ২০২৬

এসআরএফটিআইয়ে পুলিশের অভিযান ঘিরে উত্তেজনা ! ভাঙা পড়ল পড়ুয়াদের ধর্নামঞ্চ, মারধর ও ছাত্রী হেনস্থার অভিযোগ 

আরম্ভ ওয়েব ডেস্ক
এসআরএফটিআইয়ে পুলিশের অভিযান ঘিরে উত্তেজনা ! ভাঙা পড়ল পড়ুয়াদের ধর্নামঞ্চ, মারধর ও ছাত্রী হেনস্থার অভিযোগ 

ফের উত্তপ্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। শনিবার ভোরে বিপুল সংখ্যক পুলিশকর্মীর অভিযানে ক্যাম্পাসের ভিতরে থাকা আন্দোলনরত পড়ুয়াদের ধর্নামঞ্চ ভেঙে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পড়ুয়াদের দাবি, সকাল প্রায় ৬টা নাগাদ তিনশোর বেশি পুলিশকর্মী ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর ধর্নামঞ্চে থাকা আসবাবপত্র-সহ আন্দোলনের যাবতীয় সামগ্রী সরিয়ে দু-টি ছোট পিক-আপ ভ্যানে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এই অভিযানকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, পড়ুয়াদের মারধর এবং ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে।

পড়ুয়াদের অভিযোগ, শনিবার সকাল ৬টা নাগাদ বিপুল সংখ্যক পুলিশকর্মী ক্যাম্পাসে ঢোকেন। তাঁদের মধ্যে অনেকের মুখ কাপড়ে ঢাকা ছিল বলেও দাবি আন্দোলনকারীদের। এরপর পুলিশের তত্ত্বাবধানে ধর্নামঞ্চে রাখা সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী সরিয়ে দেওয়া হয়। পড়ুয়াদের বক্তব্য, ওই সমস্ত জিনিসপত্র প্রতিষ্ঠানেরই সম্পত্তি। তা সত্ত্বেও সেগুলি দু’টি ছোট পিক-আপ ভ্যানে তুলে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদ জানাতে গেলে পুলিশ ও পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। কয়েক জন পড়ুয়াকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয় বলেও দাবি তাঁদের। এমনকি, ছাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার ও টানাহিঁচড়া করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন পড়ুয়া মোবাইল ফোনে ছবি ও ভিডিয়ো রেকর্ড করছিলেন। তাঁদের ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। এক পড়ুয়ার দাবি, ‘ফোনও কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। কোনোরকম প্ররোচনা ছাড়াই আক্রমণ চালানো হয়েছে।’

পড়ুয়াদের আরও দাবি, সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোটা ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। হস্টেল থেকে মূল গেটের দিকে যেতে দেওয়া হচ্ছিল না তাঁদের। এমনকি, ক্যাম্পাসের বাইরে বেরোতেও বাধার মুখে পড়তে হচ্ছিল। বিভিন্ন জায়গায় পুলিশকর্মীরা ছড়িয়ে থাকায় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেও সমস্যায় পড়ছিলেন আন্দোলনরত পড়ুয়ারা। অন্যদিকে, গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ‘এসআরএফটিআই’ কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, এক মাসেরও বেশি সময় ধরে পড়ুয়াদের একাংশ ক্যাম্পাসের ভিতরে অবৈধভাবে অবস্থান করছিলেন। আদালতের হস্তক্ষেপ এবং কলকাতা পুলিশের সহযোগিতায় সেই অবৈধ কাঠামোটি সরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বিবৃতিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলা হয়েছে। তাঁদের দাবি, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’-এর আড়ালে পড়ুয়াদের একাংশ ক্যাম্পাসে আগুন জ্বালানো, উচ্চস্বরে গান বাজানো, দিনভর এবং গভীর রাত পর্যন্ত পার্টি করা, বহিরাগতদের বেআইনিভাবে ক্যাম্পাসে প্রবেশ করিয়ে শিক্ষক ও কর্মীদের ভয় দেখানোর মতো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। পাশাপাশি মাদক ও মদ্যপানের অভিযোগও তুলেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

গত ২৭ সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের আন্দোলন এবং ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে এসআরএফটিআইয়ে অচলাবস্থা চলছে। পরিস্থিতির জেরে বিশেষ নির্দেশিকা জারি করে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। তার মধ্যেই শনিবার ভোরে পুলিশের এই অভিযান এবং ধর্নামঞ্চ সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। পড়ুয়াদের অভিযোগ ও কর্তৃপক্ষের বক্তব্যকে ঘিরে পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!