Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৮, ২০২৬

বাংলা হরফে হিন্দির প্রভাব, ইংরেজিতেও অস্পষ্ট লেখা ! উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের মঞ্চে সংসদের লোগো ঘিরে বিতর্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলা হরফে হিন্দির প্রভাব, ইংরেজিতেও অস্পষ্ট লেখা ! উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের মঞ্চে সংসদের লোগো ঘিরে বিতর্ক

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশের অনুষ্ঠান ঘিরে তৈরি হল বিতর্ক। শুক্রবার ফল প্রকাশের সাংবাদিক বৈঠকে মঞ্চের পিছনে টাঙানো ব্যানারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লোগোতে ধরা পড়ল একাধিক অসঙ্গতি। লোগোর বাংলা অংশে লেখা অক্ষরগুলি দেখতে অনেকটা হিন্দি হরফের মতো। সেগুলো কোনো পরিচিত বাংলা শব্দও তৈরি করছে না। শুধু বাংলা নয়, ইংরেজি অংশের লেখাও অস্পষ্ট। ফলে সংসদের লোগোয় ঠিক কী লেখা রয়েছে, তা পড়তেই কার্যত সমস্যায় পড়তে হয়।

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সে উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকের মঞ্চের পিছনে লাগানো ব্যানারেই নজরে আসে এমন মারাত্মক ভুল। সংসদের লোগোর উপরের অংশে বাংলা হরফে সংসদের নাম থাকার কথা। কিন্তু সেখানে এমন কিছু অক্ষর দেখা যায়, যা বাংলা বলে চেনা কঠিন। বরং সেগুলির গঠন অনেকটা হিন্দি অক্ষরের মতো। অন্য দিকে, ইংরেজি অংশে ‘ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন’ লেখাটিও স্পষ্টভাবে পড়া যাচ্ছিল না। বিশেষ করে ‘এডুকেশন’ শব্দটির অক্ষরগুলি ছিল প্রায় অস্পষ্ট।

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে লোগোর এ ধরনের ভুল কীভাবে ঘটল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। অনেকের মনেই সন্দেহ, ব্যানার তৈরির সময় কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নেওয়া হয়েছিল? এআই দিয়ে ছবি বা লোগো তৈরি করার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি লেখায় ভুল হওয়ার প্রবণতা রয়েছে। সে ক্ষেত্রে এ বিভ্রাটের পিছনেও কি এআইয়ের ভূমিকা রয়েছে? যদিও এই বিষয়ে সংসদের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে লোগোর ভুলের বিষয়টি যে সংসদ কর্তৃপক্ষের নজর এড়ায়নি, তা স্পষ্ট। ভুল স্বীকার করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিষয়টি সামনে আসার পর সংসদের আধিকারিকদের মধ্যে আলোচনা শুরু হয়। পরে সংসদের সচিব, সভাপতি, প্রাক্তন সভাপতি-সহ অন্যান্য আধিকারিকেরা বৈঠকে বসে গোটা বিষয়টি পর্যালোচনা করেন। এত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের ব্যানারে কীভাবে এমন ত্রুটি থেকে গেল, তা নিয়ে বৈঠকে অসন্তোষও প্রকাশ করা হয়।

এ ঘটনায় সংসদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, একটি ব্যানারে লোগো নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এর জন্য প্রিন্টিং সংস্থার ছাপানোর ভুলকেই দায়ী করা হয়েছে। সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্পষ্ট করে জানানো হয়েছে, সংসদের মূল লোগোর কোনও পরিবর্তন করা হয়নি। ফলপ্রকাশের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শিক্ষা সংসদের নিজস্ব লোগোতেই এমন ভুল সামনে আসায় ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সংসদের দাবি, এটি মূল লোগোর কোনও পরিবর্তন নয়, বরং ব্যানার ছাপানোর সময় ঘটে যাওয়া অনিচ্ছাকৃত ত্রুটি।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!