- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৮, ২০২৬
আসন পুনর্বিন্যাস বিল ঘিরে বড়ো সিদ্ধান্ত ডিএমকের ! ৫০ শতাংশ আসন বৃদ্ধির শর্তে কেন্দ্রের প্রস্তাবে সমর্থন স্ট্যালিনের, তৎপর কংগ্রেসও
সংসদে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। কেন্দ্রীয় সরকারের আনা নতুন ডিলিমিটেশন বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামী সপ্তাহে সংসদে বিলটি পেশ হওয়ার কথা। শনিবার সকালে দলের সাংসদদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকের পর ডিএমকে সাংসদ এ রাজা জানান, নতুন ডিলিমিটেশন বিলকে সমর্থন করবে তাঁদের দল। একই কথা জানিয়েছেন দলের আর এক সাংসদ দয়ানিধি মারানও। সংসদে বিলের পক্ষে ডিএমকের অবস্থান থাকবে বলে তিনি স্পষ্ট করেন।
২২ জন সাংসদ থাকা ডিএমকে এতদিন জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করে এসেছে। গত এপ্রিল মাসে এই সংক্রান্ত বিলের বিরোধিতায়ও সরব হয়েছিল দলটি। তবে এবার কেন্দ্রের প্রস্তাবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত যুক্ত হওয়ার পর অবস্থানে পরিবর্তন এসেছে। ফলে সংসদে শাসক শিবিরের সমর্থন আরও বাড়তে চলেছে। ডিএমকের সমর্থনের পিছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে কেন্দ্রের প্রস্তাবিত ‘সর্বস্তরে ৫০ শতাংশ আসন বৃদ্ধি’র বিষয়টি। পাশাপাশি, আসন বৃদ্ধির পরবর্তী ২৫ বছর আসনসংখ্যা অপরিবর্তিত রাখার শর্তেও সম্মতি জানিয়েছে কেন্দ্র। ডিএমকের বক্তব্য, তামিলনাড়ুর লোকসভায় বর্তমান ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব বজায় থাকলে তাদের আপত্তি নেই। প্রস্তাব অনুযায়ী, রাজ্যের লোকসভা আসনসংখ্যা বর্তমান ৩৯ থেকে বেড়ে ৫৯ হতে পারে।
এর আগে শুক্রবার ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন ফের দলের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সম্ভাব্য প্রভাব নিয়ে তিনিই প্রথম সরব হয়েছিলেন। এই বিষয়ে দক্ষিণ ও অন্যান্য প্রভাবিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রতিনিধিদের একজোট করতে চেন্নাইয়ে সম্মেলনেরও আয়োজন করেছিলেন তিনি। স্ট্যালিনের দাবি ছিল, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে তামিলনাড়ুর স্বার্থ কোনওভাবেই উপেক্ষা করা যাবে না। লোকসভায় রাজ্যের বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। সেই সঙ্গে ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত আরও ২৫ বছর অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার পোস্টে স্ট্যালিন লেখেন, তাঁদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, কোনো রকম আপসের প্রশ্নও নেই।
ডিএমকে সূত্রের দাবি, দলের আপত্তি সংসদের মোট আসনসংখ্যা বাড়ানো নিয়ে নয়। বরং আসন পুনর্বিন্যাসের ফলে তামিলনাড়ুর রাজনৈতিক প্রতিনিধিত্বের অনুপাত যাতে কমে না যায়, সেটাই তাদের মূল উদ্বেগ। দলের এক প্রবীণ নেতা সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, “আমরা সংসদের আসনসংখ্যা বাড়াতে চাই না। কিন্তু কেন্দ্র যদি তা করতেই চায়, তাহলে অন্তত আমাদের বর্তমান প্রতিনিধিত্বের অনুপাত বজায় রাখতে হবে।” এদিকে, তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে ডিএমকের সম্পর্কচ্ছেদের পরই দলটি অবস্থান বদলেছে—এমন অভিযোগও খারিজ করেছে ডিএমকে। দলের বক্তব্য, শুরু থেকেই তাদের দাবি ছিল ন্যায্য ও ভারসাম্যপূর্ণ আসন পুনর্বিন্যাস। তামিলনাড়ুর প্রতিনিধিত্ব সুরক্ষিত রাখার দাবিতেই তারা বরাবর সরব থেকেছে।
অন্যদিকে, বিরোধী শিবিরের কাছে সবচেয়ে বড়ো ধাক্কা ডিএমকের নয়া অবস্থান। শুধু ডিএমকে নয়, শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদচন্দ্র পওয়ার) বা এনসিপি (এসপি)-র অবস্থান নিয়েও বিরোধী শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপি ওই দলের সমর্থন আদায় করতে অনেকটাই সফল হয়েছে। এমনকি তার বিনিময়ে শরদ পওয়ারের মেয়ে তথা সাংসদ সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলেও আলোচনা চলছে। যদিও এই জল্পনার কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। এ পরিস্থিতিতে ‘ইন্ডিয়া’ জোটের ঐক্য ধরে রাখা এবং সংসদে বিলের বিরোধিতায় সম্মিলিত রণকৌশল তৈরির লক্ষ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কালীঘাটের তৃণমূল সূত্রে খবর, শুক্রবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন রাহুল গান্ধী। আসন পুনর্বিন্যাস বিল এবং লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েই দু-জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সংসদের আসন্ন সংক্ষিপ্ত অধিবেশনে বিরোধী দলগুলির কী ভূমিকা হওয়া উচিত, তা নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।
জানা যাচ্ছে, রাহুল গান্ধির সঙ্গে ফোনালাপে এনসিপি (এসপি)-কে ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে ধরে রাখার কৌশল নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি, স্ট্যালিনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক ভালো হওয়ায় তাঁকে বিলের অবস্থান পুনর্বিবেচনার জন্য বোঝানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে। যদিও শেষ পর্যন্ত ডিএমকের বিল সমর্থনের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি। বিজেপি-বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছে কংগ্রেস। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলির সঙ্গে সমন্বয় সাধনের চেষ্টা চলছে বলে খবর। এ বিষয়ে এখনো পর্যন্ত কতটা অগ্রগতি হয়েছে, ফোনালাপে মমতা বন্দ্যোপাধ্যায়কে সে তথ্যও জানিয়েছেন রাহুল গান্ধী।
তৃণমূল সূত্রের আরও দাবি, গত এক সপ্তাহ ধরে কলকাতা থেকেই ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার সঙ্গে তাঁর ধারাবাহিক আলোচনা চলছে বলে জানা গিয়েছে। তৃণমূলের এক সাংসদ জানিয়েছেন, বিজেপি যতটা সহজে সংসদে আসন পুনর্বিন্যাস বিল পাস করিয়ে নেওয়ার কথা ভাবছে, বাস্তবে বিষয়টি ততটা সহজ হবে না। তাঁর কথায়, কলকাতায় বসেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় সাধনের চেষ্টা করছেন, তাতে বিলের বিরোধিতায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে জাতীয় রাজনীতিতে তৎপরতা তুঙ্গে। একদিকে বিল পাস করাতে এনডিএ-র প্রস্তুতি, অন্যদিকে বিরোধী জোটের ঐক্য ধরে রাখার মরিয়া চেষ্টা। ডিএমকের সমর্থন এবং এনসিপি (এসপি)-র অবস্থান ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’ শিবিরে। এখন দেখার, সংসদের তিন দিনের বিশেষ অধিবেশনে শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় রাজনৈতিক সমীকরণ এবং আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের কৌশল কতটা কার্যকর হয়।
❤ Support Us






