- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৬, ২০২৫
পুনেতে ফাঁকা বাসে যৌন নির্যাতনের শিকার তরুণী, পলাতক অভিযুক্ত
মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের ব্যস্ত শহর পুনেতে, পুলিশ থানা থেকে ১০০ মিটার দূরে, স্বরগেট বাস স্ট্যান্ডে পার্ক করা ফাঁকা বাসের ভেতরে ২৬ বছর বয়সী এক তরুণীকে যৌন নির্যাতন করা হয়েছে। অভিযুক্ত দত্তারেয় রামদাশকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করেছে পুলিশ। যদিও এখনো তাঁকে গ্রেপ্তার করা যায় নি। পুলিশ ৮ সদস্যের বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করেছে, অভিযুক্তকে ধরতে আনা হয়েছে স্নিফার ডগ। পুলিশ সূত্রে খবর, ভোরবেলা ৫ টা নাগাদ বাড়ি যাবার জন্য বেরিয়েছিলেন ওই তরুণী। মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্টের একটি ফাঁকা বাস দেখিয়ে, সেটি এখনই ছাড়বে বলে ওই তরুণীকে সেখানে নিয়ে যায় রামদাশ। নির্যাতিতা ভেবেছিলেন যুবক হয়তো বাসের কোনো কর্মচারী হবেন। তাই তার কথা শুনে তিনি বাসে উঠে যান তাঁর পিছুপিছু অভিযুক্তও বাসে ওঠে। তারপর যৌন নির্যাতন করে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও চুরি এবং চেইন ছিনতাইয়ের নানান অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে।
ওই ঘটনার পর অন্য বাস ধরে ফেরবার সময়, বন্ধুকে নির্যাতনের কথা বলেন তরুণী। বন্ধুর পরামর্শেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তৎপর হয়ে ওঠেন পুলিশ কর্মকর্তারা। নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন করে, তাঁর বয়ান রেকর্ড করা হয়। বাস ডিপো ম্যনেজমেন্টের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন।
এই ঘটনায় মরারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুনেতে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, যিনি স্বরাষ্ট্র দপ্তরও নিয়ন্ত্রণ করেন তাঁকে দায়ী করেছেন বিরোধীরা। মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান হর্ষবর্ধন সাপকাল দাবি করেছেন, রাজ্যে যৌন নির্যাতনের ঘটনা ক্রমে বেড়েই চলেছে। ২০১২ সালে দিল্লিতে ভয়াবহ নির্ভয়া ঘটনার উল্লেখ করে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘রাজ্যে মহিলা নিরাপত্তা কোথায়? যখন দিল্লিতে মর্মান্তিক নির্ভয়াকান্ড ঘটেছিল দিল্লির জনগণ কংগ্রেসকে সরিয়ে আপকে নিয়ে এসেছিলেন। বিজেপি মহিলাদের জন্য প্রকল্প নিয়ে আসে, আর্থিক সহায়তা করে কিন্তু তারপরে মৌলিক অধিকার কেড়ে নেয়, নিরাপত্তা দিতে পারে না। ‘
এনসিপি-নেত্রী সুপ্রিয়া সুলে পুলিশ ও সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, এমন একটি এলাকায় এই ঘটনা ঘটেছে যেখানে পুলিশের নিয়মিত টহল দেবার কথা। এই ঘটনা আমাদের দেখায়, বর্তমান সরকারের আমলে সমাজবিরোধীদের আইনের ভয় নেই। স্বরাষ্ট্র দফতর পুনেতে অপরাধ দমনে সম্পূর্ণ ব্যর্থ।’ প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন দল শিবসেনার কর্মীরা, স্বরগেট বাস স্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করেছে। বাসস্ট্যান্ডের অফিসের ভিতরে ভাঙচুর চালিয়েছে।
❤ Support Us






