- দে । শ
- এপ্রিল ২৬, ২০২৩
তুফানগঞ্জে অভিষেক। তার আগেই ৩২ তৃণমূল নেতার গণ ইস্তফা
অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলে তাঁর জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তুফানগঞ্জ সফর করছেন, সেই সময় তাঁরই দলের তুফানগঞ্জের ধলপল এলাকায় ৩২ জন নেতা তৃণমূল থেকে গণ ইস্তফা দিলেন? বাড়লো কোচবিহার তৃণমূল জেলা নেতৃত্বের অস্বস্তি। এই ঘটনায় তৃণমূলের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি যুগলকিশোর দাস। এই গণ ইস্তফা প্রসঙ্গে তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধলপল এলাকা থেকে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষ যে তৃণমূলের সঙ্গে নেই, এই ঘটনায় সেটাই প্রমাণ হচ্ছে। যদিও ধলপল অঞ্চলের তৃণমূল সভাপতি পরিমল দাস বলেছেন, এই বিষয়ে এখনও কিছু তাঁর জানা নেই। তাঁর কাছে পদত্যাগের কোনও খবরও নেই। এই বিষয়ে পরে খোঁজ নেবো।
অভিষেকের সফরের মাঝেই তুফানগঞ্জে কেন তৃণমূলের এই বিড়ম্বনা? প্রশ্নের উত্তরে ইস্তফা দেওয়া ৩২ তৃণমূল নেতা বলছেন, দলে থেকেও তাঁরা গুরুত্ব পাচ্ছেন না। এই কারণেই তাঁরা গণইস্তফার পথ বেছে নিয়েছেন। দলত্যাগী তৃণমূল নেতাদের অভিযোগ, দলে থেকেও পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। যে ভাবে দল চলছে তা মেনে নেওয়া যাচ্ছে না। দলত্যাগী এই ৩২ নেতা বলছেন, তৃণমূলের ব্যর্থতার দায় তাঁরা নিতে যেমন প্রস্তুত নয় তেমন সাফল্যের ভাগও তাঁরা চান না। পদত্যাগী নেতার মধ্যে তৃণমূলের বুথ সভাপতি, অঞ্চল সাধারণ সম্পাদক, ব্লক কমিটির সদস্যরা রয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায় ।
‘তৃণমূলে নব জোয়ার’ জনসংযোগ কর্মসূচিতে বুধবার তুফানগঞ্জের চিলাখানা ও ক্রিরা সংস্থার মাঠে রাত্রি যাপন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। রাতে তুফানগঞ্জে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের জন্য ভোট হবে । তার আগেই তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের ধলপল-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা ৩২ নেতা-কর্মীর এই পদত্যাগ।
গত ২০২১-এর লোকসভা নির্বাচনের আগে ” তৃণমূলে দমবন্ধ হয়ে আসছে”, বলে দল ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, সব্যসাচী দত্তর মতো তৃণমূল নেতারা। তাহলে কী আবার তৃণমূলে দমবন্ধ হওয়ার পরিবেশ তৈরী হল?
❤ Support Us





