- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৪, ২০২৫
অগ্নিনির্বাপণ দফতরে অযোগ্যদের চাকরি। জম্মু কাশ্মীরে নিয়োগে বেনিয়মের তদন্তে দুর্নীতি দমন ব্যুরো। আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের
জম্মু ও কাশ্মীরে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে থাকা অভিযোগে চেয়ারম্যান, টেকনিক্যাল কমিটির সদস্য এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন ব্যুরো। দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিধানের অধীনে মামলা করা হয়েছিল। তাদের বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণাসহ একাধিক অভিযোগ নিয়ে আসা হয়েছে।
২০১৩ সালে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। অনিয়মের অভিযোগের জন্য একাধিকবার বিলম্বের সম্মুখীন হয়েছিল। ২০১৮ সালে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পদ্ধতির অধীনে পুনরায় চালু করা হয়েছিল। লিখিত পরীক্ষাগুলি হায়দরাবাদভিত্তিক সংস্থা মেসার্স টাইমিং টেকনোলজিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত হয়। ব্যাপক নকল এবং অন্যান্য অনিয়মের জন্য সরকার ২০১৯ সালে পরীক্ষা বাতিল করে।
এরপর ২০২০ সালে কলকাতাভিত্তিক মেসার্স ইউএমসি টেকনোলজি প্রাইভেট লিমিটেড লিখিত পরীক্ষা পরিচালনার জন্য দরপত্র প্রক্রিয়ায় সর্বনিম্ন দর দিয়েছিল। তা সত্ত্বেও, কোনও ব্যাখ্যা ছাড়াই দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মেসার্স এলএমইএস আইটি এলএলপি–কে পরীক্ষার দায়িত্ব দিয়েছিল। এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন টাইমিং টোকনোলজির প্রাক্তন আধিকারিক মহারাজ কৃষাণ ওয়ালি।
এই নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ ওঠে। দীর্ঘ টালবাহনার পর ২০২০ সালে ১০৯ জন আবেদনকারীকে জালিয়াতি করে নিয়োগ দেওয়া হয়। চাকরি পাওয়া প্রার্থীরা কাটঅফের চেয়ে কম নম্বর পেয়েছিলেন। তা সত্ত্বেও তাঁদের সফল ঘোষণা করা হয়েছিল। দুর্নীতি দমন ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, ‘অফিসিয়াল উত্তরপত্রগুলির বিপরীতে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শীটগুলির একটি ম্যানুয়াল পর্যালোচনার সময় অসঙ্গতি সনাক্ত করা হয়েছিল। যারা প্রকৃতপক্ষে ১১, ১৭ এবং ২৪ নম্বর পেয়েছে তারা চূড়ান্ত বাছাই তালিকায় ৯০ নম্বর পেয়েছে।’ নির্বাচিতদের মধ্যে বুদগাম জেলার ৫ ভাই, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের কর্মকর্তাদের বেশ কয়েকজন আত্মীয় এবং একই এলাকার অন্যরা ছিলেন। দুর্নীতি দমন ব্যুরো ষড়যন্ত্রের সম্পূর্ণ মাত্রা উদঘাটন করতে এবং জড়িত সকলকে জবাবদিহি করতে আরও তদন্ত করছে।
❤ Support Us







