Advertisement
  • খাস-কলম প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৫, ২০২৩

অভিষেকের নব জোয়ার পথে পথে জনসভা। উচ্চগ্রামে বাম বিজেপির কটাক্ষ।বাংলাকে লাঞ্ছনার বিরুদ্ধে গর্জে ওঠার জোয়ার, বললেন তৃণমূলের তরুণতুর্কি

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেকের নব জোয়ার পথে পথে জনসভা। উচ্চগ্রামে বাম বিজেপির কটাক্ষ।বাংলাকে লাঞ্ছনার বিরুদ্ধে গর্জে ওঠার জোয়ার, বললেন তৃণমূলের তরুণতুর্কি

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কোচবিহারের বামনহাট । মঙ্গলবার এই বামনহাট তাবু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টানা ৬০ দিনের জনসংযোগ যাত্রা শুরু হল । যাত্রা শুরুর আগে বামনহাট -এ বিএসএফ-এর গুলিতে নিহত, প্রেমকুমার বর্মন ও মোজাফ্ফর হোসেনের পরিবারের সঙ্গে তাঁবুতেই বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুই পরিবারের অভিযোগ, বিএসএফ-এর গুলিতেই তাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন । অভিষেক এই বৈঠকের পর বাননহাট কালী মন্দিরে পুজো দিয়ে তাঁর যাত্রা শুরু করেন । মঙ্গলবার সাহেবগঞ্জ, সিতাই এবং শীতলকুচিতে তাঁর সভা । রাতে মাথাভাঙায় তৃণমূল ব্লক, জেলা সভাপতি এবং স্থানীয় বিশিষ্ট মানুষদের সঙ্গে বৈঠক করবেন,  তারপর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচনের জন্য গণভোট হবে । সাড়ে তিন হাজার মানুষের এই ভোট পর্বে অংশ নেবেন ।

অভিষেক মঙ্গলবার যখন তাবু থেকে বার হয়ে পায়ে হেঁটে মাধাইখাল কালী মন্দিরে যাচ্ছেন তখন তাঁকে স্থানীয় মানুষেরা ঘিরে ধরে বাড়ি, পানীয় জলের অভাবের কথা বলেন । তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তাঁদের দাবি পুরনের আশ্বাস দিয়েছেন । পাশাপাশি তিনি বলেন, সাধারণ মানুষদের কাছে বলেন, কেন্দ্র আবাস যোজনার টাকা দিচ্ছে না। রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে। এর মধ্যেই রাজ্য সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে ।”

সোমবার কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই কর্মসূচিতে আমরা মানুষের কাছে গিয়ে জানতে চাইব, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে আপনারা কাদের প্রার্থী হিসাবে চাইছেন ।” তিনি আরও বলেন, “মানুষের পছন্দ মেনে প্রার্থী বাছাই করলে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমি মনে করি । এর ফলে হিংসা ও অশান্তির আগুন থেকে পঞ্চায়েত নির্বাচনকে মুক্ত করা যাবে ।” আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারেই তার এই পদযাত্রা । ২০১৮-র রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচন তিনি আর চাইছেন না, তৃণমূলে নব জোয়ার কর্মসূচি তাই তিনি শুরু করছেন, তৃণমূলে নব জোয়ার কর্মসূচি ঘোষণার দিনই কলকাতার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের অন্দরের খবর, গত পঞ্চায়েত নির্বাচনে কেচবিহারে তৃণমূল ভালো ফল করলেও গত লোকসভা ও বিধানসভায় তৃণমূল দাঁত ফোটাতে পারেনি এই জেলায়। তাই ড্যামেজ কন্ট্রোল করতেই সংযোগ যাত্রায় কোচবিহারকেই অভিষেক প্রথম জায়গা হিসেবে বেছে নিয়েছেন। এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় করোনার পর জেলায় প্রশাসনিক বৈঠক করার জন্য প্রথমেই উত্তরবঙ্গকে বেছে নিয়েছিলেন ।

মঙ্গলবার, ২৫ এপ্রিল কোচবিহারের বামনহাট থেকে ৬০ দিনে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করার লক্ষ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাত্রা শুরুকে বঙ্গ রাজনীতিতে এমনকি জাতীয় রাজনীতিতে বিরল ঘটনা বলে বর্ণনা করে টুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অভিষেকের এই তৃণমূলে নব জোয়ার যাত্রায় তিনি ২৫০-এর বেশি জনসভায় করবেন, ৩০ লক্ষের বেশি মানুষের সঙ্গে জনসংযোগ করবেন ।

যদিও ভারতীয় রাজনীতিতে পদযাত্রা ও জনসংযোগ কোনও নতুন ঘটনা নয় । ইংরেজদের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানে তাঁকে মাইলের পর মাইল পায়ে হাঁটতে দেখেছে ভারতবাসী । ১৯৩০ সালে লবণের উপরে ব্রিটিশ সরকারের কর চাপানোর প্রতিবাদে গুজরাটের সবরমতী আশ্রম থেকে ৩৮৮ কিলোমিটার পদযাত্রা করে ডান্ডিতে পৌঁছেছিলেন গান্ধীজি । ১৯৮৩ সালে চন্দ্রশেখর ৪ হাজার কিলোমিটার পদযাত্রা করেছিলেন, প্রায় ছ’মাস ধরে । ২০০৩ সালের ৯ এপ্রিল পদযাত্রা শুরু করেছিলেন ওয়াই এস রাজশেখর রেড্ডি । অন্ধ্রপ্রদেশের ১১টি জেলায় দুই মাস ধরে ১৫০০ কিলোমিটার পদযাত্রা করার পরের বছরই কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন । এক সময় ওয়াই এস রাজশেখর রেড্ডির পদযাত্রার দাপটে ক্ষমতা হারাতে হয় তেলগু দেশম পার্টির চন্দ্রবাবু নায়ডু । আরও একটু পেছনের দিকে তাকালে ‘৯-এর দশকে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা দেশবাসী প্রত্যক্ষ করেছে । মুরলীমনোহর যোশী যখন বিজেপির সভাপতি, তখন তিনি নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে একতা যাত্রা করেছেন, তাও গোটা ভারত দেখেছে । আবার সেই চন্দ্রবাবুই ২০১৩ সালে রাজ্যজুড়ে ১,৭০০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করার পরের বছরই ২০১৪ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন । ২০১৭ সালে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের ছ’মাসের পদযাত্রা কর্মসূচি নর্মদা যাত্রা নামেই পরিচিত ছিল । এরপর ওই রাজ্যে ক্ষমতায় এসেছিল কংগ্রেস । ২০২২ থেকে বিহারে পদযাত্রায় নেমেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর । পশ্চিম চম্পারন থেকে শুরু হওয়া এই জন সূরজ যাত্রাতেও সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পেরোবেন তিনি । উত্তরপ্রদেশেও ভোটের আগে লম্বা রথযাত্রার সূচনা করেছিলেন যোগী আদিত্য নাথ । বিভিন্ন রাজ্যে ভোটের আগে নরেন্দ্র মোদির লম্বা রোড শো মানুষ দেখেছে । একের পর এক জনসভাও তাঁকে ঝড় তুলেছে দেখেছে দেশের মানুষ । একই পথে হেঁটেছেন অমিত শাহ-জে পি নাড্ডার মতো বিজেপির শীর্ষ নেতৃত্ব । রাহুল গান্ধীর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে ভারত জোড়ো যাত্রাও সম্প্রতি দেখেছে সারা দেশের মানুষ । কর্নাটকে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে, সম্প্রতি সে রাজ্যে বিজয় সঙ্কল্প যাত্রা নামে একটি বিরাট পদযাত্রা করেছে বিজেপি । বাংলায় বামেদের দীর্ঘ জাঠার করার বহু উদাহরণ সম্পর্কে বাংলার মানুষ অবগত । এবার পঞ্চায়েত ভোটের আগে কার্যত সেই একই কায়দায় জনসংযোগ যাত্রায় নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ।

এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ অভিষেকের এই জনসংযোগ যাত্রাকে মঙ্গলবার সকালে কটাক্ষ করে বলেন, “মমতার তৃণমূল উঠে গেছে । তাই তৃণমূলে কারা এখনও আছে সেটা খুঁজতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যাত্রা । গত ৫ বছর মানুষের সমস্যা নিয়ে করোও কাছে যায়নি । আজ কেন আসছেন ?” জনসংযোগ যাত্রা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেছেন,”ভাইপোর গাড়ির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের কম হলেই মানুষের মুখে চোর চোর আওয়াজ শুনতে হবে ।” সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, “রাহুল গান্ধী পায়ে হেঁটেছিলেন । অভিষেক পায়ে হাঁটলে মোমের মত গলে যাবেন ।” সুজন চক্রবর্তী মঙ্গলবার অভিষেকের এই জনসংযোগ যাত্রাকে কটাক্ষ করে বলেছেন, অভিষেকের এই তৃণমূলে নব জোয়ার যাত্রা আসলে ফেরেপবাজি । ১০০ কোটির বেশি সরকারি অর্থ কেন অপচয় করা হচ্ছে?”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ কর্মসূচির সঙ্গে কেউ কেই তুলনা করছেন সম্প্রতি শেষ হওয়া রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার । রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় ১৪৬ দিনে প্রায় ৩ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটেছিলেন । তামিলনাড়ু থেকে শুরু হওয়া সেই যাত্রা ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য়ে দিয়ে গিয়ে, শেষ পর্যন্ত পৌঁছয় কাশ্মীরে । যদিও, তৃণমূলের জনসংযোগ যাত্রায় অভিষেকের হাঁটার কোনও কর্মসূচি নেই । অভিষেক বলেন, “ভারত জোড়ো যাত্রার মতো এটা পদযাত্রা নয় । বাংলায় পদযাত্রা করতে চাইলে ২ মাসে কভার করতে পারব না । পায়ে হেঁটে করলে দেড় থেকে ২ বছর সময় লাগবে । জনসংযোগ যাত্রা করছি, তার কারণ বিভিন্ন পয়েন্টে গিয়ে কথা বলব মানুষের সঙ্গে । বাংলাকে যারা লাঞ্ছিত করে রেখেছে তাঁদের বিরুদ্ধে গর্জে ওঠার জোয়ার এই কর্মসূচি ।”

জনসংযোগ যাত্রা কি পঞ্চায়েত ভোটে তৃণমূলকে সদর্থক ফল দিতে সত্যিই পারবে ? সেটা দেখার জন্য আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে । আপাতত ৬০দিন পথই অভিষেকের ঠিকানা ।

“তৃণমূলে নব জোয়ার” কর্মসূচির প্রথমদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের স্বচ্ছ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের বার্তা দিলেন। পাশাপাশি এদিন সাহেবগঞ্জ, সিতাই ও শীতলকুচির জনসভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, মোদীজির ৫৬ ইঞ্চির ছাতি নয়, বালাকোটের নামে নয়, আপনার বাড়ির শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাকে ভোট দিতে হবে। গ্রামে যাতে রাস্তা হয় এবং একশো দিনের কাজের টাকার দাবি যাতে দিল্লির বুক থেকে আপনি ছিনিয়ে আনতে পারেন, সেই জন্য ভোট দিতে হবে। নিজের অধিকার বুঝে নিতে, নিজের প্রার্থীকে বেছে নিতে ভোট দিন।” জনসংযোগ যাত্রার প্রথমদিন নিজের প্রার্থী নিজে বাছুন অর্থাৎ গণ ভোটের মাধ্যমে পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনের ব্যবস্থার মধ্যদিয়ে তিনি আবারও বুঝিয়ে দেন পঞ্চায়েত প্রকৃত অর্থেই মানুষের পঞ্চায়েত হতে হবে এবং সেটা তিনি করেই ছাড়বেন। পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই যে এই সফরে তাঁর মূল উদ্দেশ্য সেটাও অভিষেক এদিন তিনটি সভা থেকেই  স্পষ্ট করে দিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনটি সভা থেকেই বলেছেন, যাঁরা ব্যালট বক্সে ভোট দিতে পারবেন না, তাঁদের জন্য ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে গ্রাম পঞ্চায়েতের নাম, বুথের নাম ও আসন নম্বর উল্লেখ করে পছন্দের প্রার্থীর নাম জানান। একশোটি ভোটের মধ্যে ৫১ জন মানুষ যে প্রার্থীকে চাইবেন তাঁকেই শাসক দল সেই এলাকার প্রার্থী করবে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!