- দে । শ
- এপ্রিল ১৩, ২০২৩
ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে মৃত আতিক পুত্র আসাদ। আসল ঘটনা থেকে নজর ঘোরাতেই যোগীর নাটক, মন্তব্য অখিলেশের
বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রাক্তন রাজনীতিক আতিক আহমেদের ছেলে আসাদের। ওই এনকাউন্টারে মৃত্যু হয়েছে আসাদের সহযোগী গুলামেরও। এই দুজনকেই উমেশ পালের হত্যার ঘটনার দায়ে খুঁজছিল পুলিশ। প্রয়াগরাজে খুন হয়েছিলেন উমেশ পাল। উমেশ ছিলেন বিএসপি বিধায়ক রাজু পালের খুনের ঘটনার অন্যতম সাক্ষী। প্রসঙ্গত, ২০০৫ সালে প্রয়াগরাজেই খুন হয়েছিলেন বিএসপি বিধায়ক রাজু পাল।
সূত্রের খবর, আসাদ আহমেদ ও গুলামের মাথার দাম ধার্য করা হয়েছিল ৫ লক্ষ। বেশ কিছুদিন ধরেই তাদের খুঁজছিল পুলিশ। এদিন উত্তরপ্রদেশ এসটিএফের সঙ্গে এনকাউন্টারের ঘটনাটি ঘটেছে ঝাঁসিতে। আসাদ আহমেদ ও গুলামের মৃত্যুর খবর জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার।
পুলিশ জানিয়েছে, এদিন ঝাঁসিতে এনকাউন্টারের পরে ঘটনাস্থল থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিন উত্তরপ্রদেশের পুলিশের এসটিএফ দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি সুপার নব্যেন্দু ও বিমল।
বিএসপি বিধায়ক রাজু পাল এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী ২০০৫ সালে খুন হন। গুলিবিদ্ধ হয়ে দুজনকেই হত্যা করা হয়েছিল। উমেশ পাল এই হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন। পরে তাঁকেও খুন করা হয়।
গত ফেব্রুয়ারিতে উমেশ পালের স্ত্রী জয়া পালের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। জয়া পাল পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন, তাঁর স্বামী উমেশ পালের হত্যাকাণ্ডের জন্যে দায়ী একাধিক ব্যক্তি। এদের মধ্যে রয়েছে আতিক আহমেদ ও তার ভাই আসরফ এবং আসাদ, গুলাম-সহ অন্যান্যরা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বিএসপি বিধায়ক রাজু পালের খুনের ঘটনার সাক্ষী উমেশ পালকে সরিয়ে দিতে তাঁকেও হত্যা করেছিল। এছাড়া এনকাউন্টারে মৃত আতিক আহমেদ ২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পালকে খুনের ঘটনায় অভিযুক্ত।
এদিকে পুলিশের এনকাউন্টারের তীব্র সামালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, সাধারণ মানুষের মুখ্য সমস্যা থেকে চোখ ঘুরিয়ে নিতেই নকল এনকাউন্টারের নাটক করছে যোগী সরকার। উত্তরপ্রদেশের যোগী সরকার আদালতের প্রতি আস্থা রাখেন না, এঘটনাই তা প্রমাণ করে। এ্প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, রাজ্যের ক্ষমতাসীন প্রধান কখনোই আদালতের বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করতে পারেন না, বা তিনি কারও বেঁচে থাকা বা মৃত্যুর নির্ণায়কও হতে পারেন না।
❤ Support Us







