- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৭, ২০২৩
হাত ছেড়ে পদ্মে কিরণ
অবিভক্ত অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কিরণ কুমার রেড্ডি। তিনিই এবারকংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। কিছুদিন আগেই কিরণ কুমার রেড্ডি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন অনলাইনে। এরপর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলেছে। শুক্রবার সেই জল্পনার অবসান হল কিরণ কুমার রেড্ডি বিজেপিতে যোগ দেওয়ায়।
সূত্রের খবর, দিল্লিতে বিজেপির সদর দফতরে কিরণ কুমার রেড্ডির বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে দলত্যাগ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপির প্রবীণ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। প্রহ্লাদ যোশী কিরণ কুমার রেড্ডিকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এর আগে গত ২০১৪ সালে কংগ্রেস ত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করেন কিরণ কুমার রেড্ডি। সেইসময়ে কংগ্রেসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশকে বিভক্ত করে পৃথক রাজ্য হিসেবে তেলেঙ্গানা গঠনের সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে কংগ্রেস ছেড়ে বেরিয়ে ওই নতুন রাজনৈতিক দল গঠনের পরে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কয়েকটি কেন্দ্রেও প্রার্থী দেন। তবে তাতে শিকে ছেঁড়েনি।
এরপর কয়েক বছর রাজনীতির ময়দান থেকে নিজেকে সরিয়ে নেন কিরণ কুমার রেড্ডি। ২০১৮ সালে ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করেন। সেই থেকে এতদিন পর্যন্ত কংগ্রেসেই ছিলেন। ফের কী কারণে কিরণ কুমার রেড্ডি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছাড়লেন, দলের সঙ্গে তাঁর মতবিরোধের প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে সম্প্রতি যে পদত্যাগপত্র পাঠিয়েছেন কিরণ কুমার রেড্ডি, তাতেও পদত্যাগের কারণ উল্লেখ করেননি।
অন্ধ্রপ্রদেশকে ভাগ করার মাসুল অবশ্য গত কয়েক বছর ধরে গুনতে হয়েছে কংগ্রেসকে। কেননা অন্ধ্রপ্রদেশ ভাগ করার পর থেকে এপর্যন্ত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে একটিও আসনে জয়লাভ করতে পারেননি কংগ্রেস প্রার্থীরা।
❤ Support Us






