Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৯, ২০২৬

জল্পনা সত্যি করে আইএসএফ-এ যোগ দিলেন আরাবুল ইসলাম

আরম্ভ ওয়েব ডেস্ক
জল্পনা সত্যি করে আইএসএফ-এ যোগ দিলেন আরাবুল ইসলাম

ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম তৃণমূলকে বিদায় জানিয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করলেন। বৃহস্পতিবার ফুরফুরা শরিফে আনুষ্ঠানিকভাবে আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট)-এ যোগ দিয়ে তিনি হাতে তুলে নেন দলের পতাকা। যোগদানের আগে আরাবুল তৃণমূলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘যে দল দীর্ঘদিন করে এসেছি, সে দল আমাকে গুরুত্ব দেয়নি। ভাল ব্যবহার করেনি। অনেক গল্প আছে। পরে বলব।’

তৃণমূলের বরাবরের আস্থা ও সমর্থনের অভাবই তাঁকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলেও জানান আরাবুল। আইএসএফ-এ যোগ দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূলের কোনো প্রলোভনে তিনি আর পা দেবেন না। নতুন দলের নেতৃত্ব যা বলবে, তিনি তাই করবেন বলে জানিয়েছেন। ভাঙড় ও ক্যানিং এলাকায় তার প্রভাবও তিনি ছোটো করে দেখছেন না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরাবুল বলেন, ‘দল নড়েচড়ে বসেছে, যে আরাবুলের মতো লোক বেরিয়ে যাচ্ছে। ভাঙড়-ক্যানিংয়ে প্রচুর প্রভাব পড়বে। আমার সমর্থকরা আইএসএফের দিকে থাকবে।’

এদিন, আরাবুলের ক্ষোভের অন্যতম নিশানা ছিলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। তিনি বলেন, ‘যিনি মানুষকে ভুল পথে চালিত করছেন, তিনি বুঝবেন আগামী দিনে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, কারা বোম বাঁধছে? পুলিশ কী করছে? তরুণ ছেলেদের জীবন যাচ্ছে। ভাঙড়ের কত মানুষের রক্ত নিলে শওকত শান্তি পাবে?’ ভোট যত এগোবে, তত শওকত ক্ষতিকারক কাজ চালাবে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন আরাবুল। নতুন সদস্যকে স্বাগত জানিয়ে নওশাদ সিদ্দিকি বলেন, ‘আরাবুল ইসলামের যোগদান মূলত একজন অনুতপ্ত নাগরিককে মূল স্রোতে ফেরানোর জন্য। আমরা চাই, তিনি দায়িত্বশীলভাবে রাজনৈতিক জীবন যাপন করুন।’ প্রার্থী প্রসঙ্গে আরাবুলের সাফ মন্তব্য, ‘নতুন দলে ঢুকেছি। আইএসএফ নেতৃত্ব যা বলবে, তাই করব। যদি নেতারা মনে করে, টিকিট দেবেন।’

একসময় কলেজ শিক্ষিকার ওপর চড়াও হওয়া, তাঁকে হেনস্তা করার কারণে তৃণমূল থেকে অল্প সময়ের জন্য বহিস্কৃত হয়েছিলেন আরাবুল। পরে পুনরায় তিনি দলে যোগ দেন। তবে এরপর থেকেই, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। পঞ্চায়েত ভোটে অশান্তি ছোড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে ইতিহাস যাই থাকুক, রাজনৈতিক মহলে অনুমান, আসন্ন নির্বাচনে আরাবুল আইএসএফের হয়ে ভাঙড় বা ক্যানিং আসন থেকে লড়তে পারেন আরাবুল ইসলাম। ফুরফুরা শরিফে যোগদানের সময় তিনি জানিয়েছেন, ভাঙড়কে শান্ত করার লক্ষ্যে নওশাদ সিদ্দিকির নেতৃত্বে কাজ করবেন। কয়েক মাস ধরে আইএসএফের সঙ্গে যোগাযোগের পরে আজকের এই যোগদান।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!