Advertisement
  • দে । শ
  • মার্চ ৩, ২০২৩

‌মেসিকে প্রাণনাশের হুমকি!‌ রোকুজ্জেদের সুপারমার্কেটে দুস্কৃতী হামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মেসিকে প্রাণনাশের হুমকি!‌ রোকুজ্জেদের সুপারমার্কেটে দুস্কৃতী হামলা

এক সময় লিওনেল মেসি বলেছিলেন, নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে খেলেই ফুটবল থেকে অবসর নেবেন। কেন হঠাৎ করে জীবনের শেষ পর্ব এই ক্লাবে খেলার কথা বলেছিলেন মেসি?‌ আসলে তাঁর শৈশব কেটেছিল আর্জেন্টিনার রোজারিও শহরের এই ক্লাবেই। বৃহস্পতিবার ভোরবেলা যে ঘটনা ঘটে গেছে, তারপরে মেসি আর রোজারিও শহরে খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেল। রোজারিও শহরে তাঁর স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জের পরিবারের মালিকানাধীন সুপারমার্কেটে এলোপাথাড়ি গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। একইসঙ্গে মেসিকে প্রাণনাশেরও হুমকি দিয়েছে।
বৃহস্পতিবার ভোরবেলা রোজারিওর রোকুজ্জেদের সুপারমার্কেটে হানা দেয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলি চালায়। সেই সময় সুপারমার্কেট বন্ধ ছিল। সুপারমার্কেটের স্টিলের দরজায় ১৪টি বুলেটের দাগ পাওয়া গেছে। তবে হতাহতের কোনও খবর নেই। স্থানীয়দের ধারণা মাদক পাচারকারীরা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি। দুষ্কৃতীরা সুপার মার্কেটের সামনে কার্ডবোর্ডে মেসির উদ্দেশ্যে প্রাণনাশেরও হুমকি দিয়েছে। সেই কার্ডবোর্ডে লেখা ছিল, ‘‌মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’‌
ঘটনাস্থল থেকে আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। সেখানে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। রোজারিওর মেয়র ইয়াভকিন বলেছেন, ‘‌শহরে বিশৃঙ্খলা তৈরির জন্যই দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। মেসিকে হুমকির কথা বিশ্বে ভাইরাল হতে বেশি দেরি হবে না বুঝেই পরিকল্পনামাফিক তারা এই ঘটনাটা ঘটিয়েছে।’‌ প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মোটরসাইকেলে চড়ে দুজন দুষ্কৃতী ভোর তিনটে নাগাদ সুপার মার্কেটের সামনে এসেছিল। তাদের মধ্যে থেকে একজন বাইক থেকে নেমে গুলি চালাতে থাকে। এরপর হুমকির বার্তা লিখে তারা দুজনে চলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!