- দে । শ
- এপ্রিল ২২, ২০২৩
৬ বছরের জন্য দল থেকে বহিষ্কৃত অঙ্কিতা। কংগ্রেসকে কটাক্ষ বিজেপির
দলের ওপরতলার নেতাদের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ দায়ের করেছিলেন অসমের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট অঙ্কিতা দত্ত। তাঁকে ৬ বছরের জন্যে দল থেকে বহিষ্কার করা হল। জাতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভির বিরুদ্ধে সম্প্রতি দিশপুর থানায় এফআইআর দায়ের করেন অঙ্কিতা। তাঁর অভিযোগ, শ্রীনিবাস তাঁর সঙ্গে লিঙ্গবৈষম্যমূলক আচরণ করেছেন ও হেনস্থা করেছেন। অঙ্কিতা একই অভিযোগ করেছেন যুব কংগ্রেস নেতা বর্ধন যাদবের বিরুদ্ধেও। এরপর শ্রীনিবাসকে সমন পাঠিয়েছে সিআইডি। জাতীয় মহিলা কমিশনও অসম পুলিশকে অভিযোগের তদন্ত করার নির্দেশ দিয়েছে।
অসম প্রদেশ কংগ্রেস কমিটি এদিকে জানিয়েছে, যুবনেত্রী অঙ্কিতার অভিযোগ ভিত্তিহীন। কেবল তাই নয়, প্রদেশ কংগ্রেস কমিটি এও জানিয়েছে, অঙ্কিতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণে এইসব অভিযোগ করেছেন। অঙ্কিতাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে বলে যে জল্পনা চলছিল, তাই সত্যি হল শেষপর্যন্ত।
গতকাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবিষয়ে বলেছিলেন, অঙ্কিতার সঙ্গে যা ঘটেছে, তা কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার। ওনিয়ে কথা বললে তিনি কংগ্রেসের ভিতরের ব্যাপারে নাক গলাচ্ছেন বলে অভিযোগ উঠবে।
এরপরই অসম যুব কংগ্রেসের প্রেসিডেন্ট অঙ্কিতা দত্তকে দল ৬ বছরের জন্যে বহিষ্কার করায় বিজেপি আসরে নেমে পড়েছে। বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে জাতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভির আপত্তিকর আচরণ সম্পর্কে জানিয়েও অঙ্কিতা কোনও বিচার পেলেন না। এই হল কংগ্রেসের মহিলা ক্ষমতায়নের নমুনা। প্রিয়াঙ্কা ‘আমি একজন মহিলা, আমি লড়াই করতে পারি’ বলে যে স্লোগান দিয়ে থাকেন, প্রমাণিত হল সেও নিতান্তই ফাঁকা স্লোগান। কারণ অঙ্কিতার পাশে দাঁড়ানোর পরিবর্তে উল্টে ওঁর বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল প্রদেশ কংগ্রেসের তরফে অঙ্কিতাকে শো-কজ করে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত হবে না। এদিকে অভিযুক্ত শ্রীনিবাস বিভি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকে রয়েছেন তিনি।
❤ Support Us







