- দে । শ
- এপ্রিল ১৮, ২০২৩
৫ বছরে ১৮৩। যোগী রাজ্যে এনকাউন্টারের বিরোধীতায় জনস্বার্থ মামলা।শীর্ষ আদালতে শুনানি ২৪ এপ্রিল
যোগীরাজ্যে এনকাউন্টারের ঘটনা লাগাতারভাবে ঘটছে। উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটছে কেন, তা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। অভিযোগ উঠছে যোগী পরিচালিত বিজেপি সরকার কার্যত রাষ্ট্রীয় হত্যাকে মদত যোগাচ্ছে। এবিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি।
২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশে যে এনকাউন্টারের ঘটনাগুলি ঘটেছে, সুপ্রিম কোর্টের কাছে তার তদন্তের দাবি জানিয়েছেন তিওয়ারি। এই জনস্বার্থ মামলার শুনানি হবে আগামী ২৪ এপ্রিল। এখন দেখার, দেশের শীর্ষ আদালত এব্যাপারে কী নির্দেশ দেয় । বিশেষত, গ্যাংস্টার থেকে রাজনীতিক বনে যাওয়া আতিক আহমেদ এবং তার ভাই আশরফের হত্যাকাণ্ডের ঘটনার পরে ওই জোড়া খুনে পু্লিশ-প্রশাসনের মদতের যে অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্ট স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলে জল কোনদিকে গড়ায় সেও দেখার।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলার দায়ের করে আইনজীবী বিশাল তিওয়ারি জানিয়েছেন, এই মামলার শুনানি জরুরিভিত্তিতে হওয়া দরকার। তিনি সুপ্রিম কোর্টে যে আবেদন দাখিল করেছেন, তাতে এও জানিয়েছেন, ২০১৭ সাল থেকে এপর্যন্ত উত্তরপ্রদেশে মোট ১৮৩টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে।
১৫ এপ্রিল আতিক ও আশরফ হত্যাকাণ্ডের আগে গত ১৩ এপ্রিল খুন হয়েছে আতিকের ছেলে। এরপরই আতিক এবং তাঁর ভাইকে নিকেশ করার পিছনে রাজ্যের পুলিশ-প্রশাসনের হাত রয়েছে কিনা সেব্যাপারে প্রশ্ন উঠলেও বিষয়টি তদন্তসাপেক্ষ। এদিকে যোগী জমানায় গত ছয় বছরে উত্তরপ্রদেশে একের পর এক এনকাউন্টারের ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশের দেওয়া তথ্যানুসারে, এপর্যন্ত মোট ১৮৩ জনের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। যোগী সরকারের দাবি, রাজ্যকে অপরাধী মুক্ত করার চেষ্টা চলছে। আর রাজ্য পুলিশের এর সাফাই , এনকাউন্টারে মৃতেরা সকলেই অপরাধী।
এনকাউন্টারের ঘটনাগুলির তদন্তে স্বাধীন তদন্ত কমিটি গঠনের আবেদন করে আইনজীবী বিশাল তিওয়ারি সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন, তদন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হোক সুপ্রিম কোর্টেরই কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে। গণতান্ত্রিক কোনও সমাজে পুলিশের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। এটা সম্পূর্ণভাবে বিচারবিভাগের ক্ষমতা। এছাড়া ভুয়ো এনকাউন্টার পুরোপুরিভাবে বেআইনি। এর জেরে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়, একইসঙ্গে অপরাধের সংখ্যাও ক্রমাগত বাড়ে।
❤ Support Us






