- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৭, ২০২৩
এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, শ্রীকান্ত। বিদায় লক্ষ্যর
এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত। তবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন লক্ষ্য। মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করেছে গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি জুটি।
চোট সারিয়ে দীর্ঘদিন পর কোর্টে ফিরে মাদ্রিদ ওপেনে পুরনো ছন্দে দেখা গিয়েছিল পিভই সিন্ধুকে। এশিয়ান চ্যাম্পিয়নশিপেও পুরনো সিন্ধুকে দেখা গেল। স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন তাইওয়ানের ওয়েন চি সু–কে। খেলার পল ২১–১৫, ২২–২০। দুটি গেমেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথম গেমে একসময় ফল ছিল ১৪–১৪। সেখান থেকে বাজিমাত করেন সিন্ধু।
দু’বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু এই প্রতিযোগিতায় অষ্টম বাছাই হিসেবে কোর্টে নেমেছেন। সিন্ধু এই মুহূর্তে বিশ্বের ১১ নম্বর শাটলার। আর যাকে হারিয়েছেন, তাইওয়ানের সেই ওয়েন চি সু বিশ্বের ১৭ নম্বর। কঠিন লড়াইয়ে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছনো সিন্ধুর সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পরের রাউন্ডে তিনি খেলবেন বিশ্বের ৯ নম্বর চিনের হান ইউয়ের বিরুদ্ধে।
পুরুষদের সিঙ্গলসের কিদাম্বি শ্রীকান্ত শ্রীকান্ত অবশ্য সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ২১–১৩, ২১–৮ ব্যবধানে তিনি হারিয়েছেন বিশ্বের ২৭ নম্বর আদনান ইব্রাহিমকে। দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্ত খেলবেন চতুর্থ বাছাই জাপানের কোদাই নারাওকার বিরুদ্ধে। পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। সিঙ্গাপুরের লো কিয়ান ইউয়ের কাছে হেরেছেন তিনি। মহিলাদের সিঙ্গলসে মালবিকা বান্সোড় খেলতে নেমেছিলেন শীর্ষবাছাই আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। তিনি ৪৬ মিনিটের লড়াইয়ে পরাস্ত হলেন ২৩-২৫, ১৯-২১ ব্যবধানে।
মহিলাদের ডাবলসে গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি জুটি হারিয়েছে ইন্দোনেশিয়ার লেনি তিরা মায়াসারি ও রিবকা সুগিয়ার্তোর জুটিকে। খেলার ফল ১৭–২১, ২১–১৭, ২১–১৮। রোহন কাপুর ও সিক্কি রেড্ডি জুটি মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছে। হারিয়েছে চান পেং সুন ও চিয়া ই সিকে। খেলার ফল ২১–১২, ২১–১৬।
❤ Support Us







