- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৭, ২০২৩
টি২০ ক্রিকেটে বাংলাদেশের চমক অব্যাহত, আয়ারল্যান্ডকে হারাল ২২ রানে
টি২০ ক্রিকেটে বাংলাদেশের চমক অব্যাহত। কিছুদিনে আগেই এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চুনকাম করে দিয়েছি। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও টি২০ সিরিজে এগিয়ে গেল। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে আইরিশদের হারিয়েছে ২২ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে বাংলাদেশ ২০৭/৫ রান তোলার পর বৃষ্টি নামে। বৃষ্টির জন্য প্রায় ২ ঘন্টা খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে আয়ারল্যান্ডের সামনে জয়ের জন্য ৮ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০৪। আয়ারল্যান্ড ৫ উইকেটে তোলে ৮১।
এদিন আয়ারল্যান্ড টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই আক্রমাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে ৭ ওভারে দুজনে তোলেন ৯১ রান। লিটন দাসকে (২৩ বলে ৪৭) তুলে নিয়ে জুটি ভাঙ্গেন ক্রেগ ইয়ং। রনি তালুকদার টি–টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। ৩৮ বলে ৬৭ রান করে তিনি হিউমের বলে বোল্ড হন। নাজমুল হোসেন শান্ত ১৪ রান করে তিনি আউট হন। দলের ১৭২ রানের মাথায় আউটন শামিম হোসেন পাটোয়ারী। ২০ বলে তিনি করেন ৩০। তৌহিদ হৃদয় ৮ বলে ১৩ রান করে আউট হন। ১৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। ১৯.২ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ২০৭ রান করার পর বৃষ্টি নামে। আম্পায়াররা খেলা থামিয়ে দিতে বাধ্য হন।
বৃষ্টির জন্য ২ ঘণ্টা ৩ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। ডাকওয়ার্থ ও লুইস নিয়মে আয়ারল্যান্ডের সামনে জয়ের জন্য ৮ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০৪। ব্যাট করতে নেমে শুরু থেকেই রীতিমতো ঝড় তোলে আয়ারল্যান্ড। মাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের প্রথম ২ ওভারে ওঠে ৩১ রান। তৃতীয় ওভারে হাসান মাহমুদকে আক্রমণে নিয়ে আসেন সাকিব। প্রথম ওভারেই সাফল্য পান হাসান। বোল্ড করেন আইরিশ ওপেনার রস অ্যাডায়ারকে (১৩)।
পরের ওভারে তাসকিন আহমেদ তুলে নেন ৩ উইকেট। প্রথম বলে ফেরান লোকার্ন টাকেরকে (১)। ওভারের চতুর্থ বলে ফেরান পল স্টার্লিংকে (১৭)। পরের বলেই তুলে নেন ডকরেলকে (০)। এক ওভারে তিন উইকেট হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি আয়ারল্যান্ড। শেষপর্যন্ত ৫ উইকেটে তোলে ৮১ রান। গ্যারেথ ডিলানি ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ২ বল করে ১৬ রানে ৪ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।
❤ Support Us






