- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২১, ২০২৬
রবিসন্ধ্যায় ভবানীপুরে মমতার কর্মিসভা, নিজের কেন্দ্র থেকেই ছাব্বিশের নির্বাচনী প্রচারের সূচনা
ভবানীপুর থেকেই ২০২৬ সালের নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে একটি কর্মিসভার মাধ্যমে মেগা প্রস্তুতি শুরু করবেন তিনি। সভাটি সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে উপস্থিত থাকবেন মেয়র ফিরহাদ হাকিমসহ ভবানীপুরের সমস্ত দলীয় কাউন্সিলররা।
সূত্রের খবর, এই কর্মিসভায় নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করার পাশাপাশি ভবানীপুর কেন্দ্রের প্রচার কৌশল নিয়েও গুরুত্বপূর্ণ দিশা দিতে পারেন তৃণমূল নেত্রী। ২০২১ সালের উপনির্বাচনের সময় থেকে এই কেন্দ্রে জনপ্রিয় স্লোগান ছিল— ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে।’ ফের একবার প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর সেই স্লোগানই আবার জোরালোভাবে ফিরে এসেছে এলাকায়। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় হোর্ডিং ও ব্যানার টাঙিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরার কাজ শুরু হয়েছে।
এর আগেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে প্রচারের রূপরেখা প্রায় ঠিক করে দিয়েছেন। বিশেষভাবে জোর দেওয়া হয়েছে বাড়ি বাড়ি জনসংযোগে। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে একই বাড়িতে একাধিকবার গিয়ে যোগাযোগ রাখতে। পাশাপাশি বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে নিজেদের ছন্দে প্রচার চালানোর বার্তাও দেওয়া হয়েছে।
এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে স্বাভাবিকভাবেই ভবানীপুর এবার সবচেয়ে হাইভোল্টেজ আসন হিসেবে উঠে এসেছে।
এছাড়াও, এসআইআর প্রক্রিয়ায় ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ইস্যুকে কীভাবে প্রচারে কাজে লাগানো হবে, তা নিয়েও রবিবারের কর্মিসভায় আলোচনা হতে পারে। প্রচারকদের জন্য নির্দিষ্ট বার্তাও ঠিক করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।
জানা গিয়েছে, সোমবার থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই এই প্রচারের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন তিনি।
❤ Support Us





