- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৬, ২০২৩
২০২৪ এর লক্ষ্যে প্রস্তুতি। প্রার্থী নির্ণয়ে পেশাদারি সংস্থাকে দিয়ে বঙ্গে সমীক্ষা চালাবে গেরুয়া শিবির
২০১৯ সালে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ১৮ সাংসদ উপহার দিয়েছিলেন নরেন্দ্র মোদি অমিত শাহকে বাংলা থেকে। ২০১৯-এর পর ২০২৪ -এর লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির রাজনৈতিক সমীকরণ বদলেছে। দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি পদ থেকে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সুকান্ত মজুমদার। দলে এখন অনেকটাই নিস্পৃহ ও কোনঠাসা দিলীপ ঘোষ। তুলনায় তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীর দাপট এখন দলে অনেক প্রবল। শুভেন্দু, সুকান্ত,দিলীপ, অনুপম হাজরা এই শিবিরের দ্বন্দ্বে এখন বঙ্গ বিজেপি ছারখার। তার উপর রয়েছে আদি-নব্য বিজেপির সংঘাত। তার ফলে পশ্চিমবঙ্গ বিজেপি এখনও রাজ্যের সব বুথে বুথ এজেন্ট দেওয়ার জায়গায় নেই। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে এই ছবিটা স্পষ্ট হয়ে উঠেছিল। তার পর বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা রাজ্যে এসে সাংগঠনিক বৈঠক করেছেন। সেই বৈঠকে বাংলায় হাতে গোনা নেতৃত্বের তৃণমূল বিরোধী হুঙ্কার হয়তো সভা সমিতিতে শোনা যাচ্ছে কিন্তু সেই অর্থে সংগঠন বলতে যা বোঝায় সেটা বাংলায় বিজেপি এখনও করে উঠতে পারেনি যা দিয়ে অমিত শাহের চাহিদা মতো বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩৫টি লোকসভা আসন বিজেপি জিততে পারবে। তাই এবার সুকান্ত-শুভেন্দুদের উপর ভরসা পুরোপুরি না করে বাংলায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পেশাদার সংস্থার সাহায্য নিতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।
বঙ্গ বিজেপি সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড নামক সংস্থা কলকাতা ও জেলায় বিজেপির হয়ে সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা দলের অভ্যন্তরীণ বিষয়, মিডিয়ায় বলার বিষয় নয়। তবে আমরা কি করতে চলেছি সেটা আপনারা দেখতে পাবেন। আর চার-পাঁচ মাসের মধ্যেই তো লোকসভা নির্বাচন। মুম্বাই ভিত্তিক এই সংস্থাটি রাজনৈতিক তথ্য বিশ্লেষণ-এর কাজ করে। কোন অঞ্চলের কি রকম চাহিদা, মানবিক ভাবনাচিন্তার গতিপ্রকৃতি, আর্থসামাজিক অবস্থা তার উপর নির্ভর করে একটি তথ্য ভান্ডার তৈরি করে দেওয়া এই সংস্থার কাজ। এর ফলে কোন অঞ্চলে কেমন প্রার্থী দেওয়া যেতে পারে সেই বিষয়টিও নির্ধারণ করে দেয় এই সংস্থাটি। তথ্যপ্রযুক্তি নির্ভর এই ডেটার ভিত্তিতে এই সংস্থাটি নির্ধারণ করে দিতে সক্ষম কোন এলাকায় কোন প্রার্থীর জয় নিশ্চিত। এক কথায় বলতে গেলে যে কাজটা রাজনৈতিক নেতাদের সেই কাজটাই পেশাদারি সংস্থাকে দিয়ে করিয়ে নিতে ২০২৪ -এর লোকসভা নির্বাচনে এবার ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। কারণ এর আগের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা তৃণমূলের ভাষায় বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেও কল্পিত সাফল্য পায়নি। ২৪টি আসন পাওয়ার লক্ষ্যে নিশানা বেঁধে ১৮তে থেমে যেতে হয়েছে। তাই এবার কোনও ঝুঁকি না নিয়ে বিজেপি চাইছে বাংলার ৪২টি আসনের মধ্যে বেশিরভাগ আসন জিততে। অমিত শাহ তাই আগেই ৩৫টি আসন জয়ের লক্ষ্য বঙ্গ বিজেপি নেতৃত্বকে বেঁধে দিয়েছেন। কিন্তু তার পরেও শীর্ষ নেতৃত্ব বঙ্গ বিজেপির উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারছেন না। আর এর কারণ একটাই সেটা হচ্ছে বঙ্গ বিজেপির অভ্যন্তরীন কোন্দল। যে ছবি সল্টলেকের বিজেপি দফতরে মন্ডল নেতা নির্বাচনের পর বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন। এই পরিস্থিতিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলায় কোনও ঝুঁকি নিতে চাইছেন না। তাই তাঁরা সুনীল বংশলকে দায়িত্ব দিয়েছেন পেশাদার সংস্থার মাধ্যমে সুচারু ভাবে বাংলায় ঘর গুছিয়ে নিতে, শুধু শুভেন্দু-সুকান্ত এবার বিজেপি শীর্ষ নেতৃত্বের একমাত্র নির্বাচনী ভরসার জায়গা হচ্ছে না।
❤ Support Us






