- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৪, ২০২৩
দ্বিশতরান হাতছাড়া অভিমন্যুর, ফলোঅন বাঁচাতে লড়ছে উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডের বিরুদ্ধেও চালকের আসনে বাংলা। বাংলার প্রথম ইনিংসের ৩৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট ১০৪ রান সংগ্রহ করেছে উত্তরাখণ্ড। ফলোঅন বাঁচাতে উত্তরাখণ্ডকে এখনও ১৩৩ রান তুলতে হবে। হাতে রয়েছে ৪ উইকেট। যা পরিস্থিতি, এই ম্যাচে উত্তরাখণ্ডের পক্ষে ফলোঅন বাঁচানো খুবই কঠিন।
প্রথম ইনিংসে দারুন শুরু করেছিল বাংলা। প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ৩ উইকেটে ২৬৯। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে দুরন্ত সেঞ্চুরি করে ১৪১ রানে অপরাজিত ছিলেন অভিমন্যু ঈশ্বরন। তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে ছিল গোটা বাংলা শিবির। বাংলা টিম ম্যানেজমেন্ট আশা করেছিল যে, ৪০০ থেকে ৪৫০ রানের গন্ডি টপকে যাবে। কিন্তু এদিন সকাল থেকেই জ্বলে ওঠেন উত্তরাখণ্ড বোলাররা। বাংলার ব্যাটারদের তেমন সুযোগ দেননি।
দ্বিতীয় দিন সকালে অবশ্য ভাল শুরু করেছিলেন বাংলার দুই ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ ও মনোজ তিওয়ারি। দুজনের জুটিতে ওঠে ৪১ রান। মনোজকে (১৫) তুলে নিয়ে জুটি ভাঙেন অভয় নেগি। অভিমন্যুও তাঁর শিকার। আগের দিন ১৪১ রানে অপরাজিত ছিলেন অভিমন্যু। এদিন ১৬৫ রান করে আউট হন। এরপর শাহবাজ আমেদের সঙ্গে জুটি বাঁধেন অভিষেক পোড়েল। যদিও এই জুটি দীর্ঘস্থায়ী হয়নি। অভিষেককে (১০) তুলে নিয়ে জুটি ভাঙেন আকাশ মাধোয়াল। অভিষেক আউট হওয়ার পরপরই ধস নামে বাংলার ইনিংসে ৩৮৭ রানে গুটিয়ে যায় বাংলার প্রথম ইনিংস। ৪০ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আমেদ। দুরন্ত বোলিং করে ৯৫ রানে ৬ উইকেট তুলে নেন মায়াঙ্ক মিশ্র।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে উত্তরাখণ্ড। চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায়। স্পিনার দিয়ে আক্রমণ শুরু করে সাফল্য পায় বাংলা। শাহবাজ আমেদ তুলে নেন জীবনজ্যোত সিংকে (৪)। এক ওভার পরেই ফেরান অভনীশ সুধাকে (৪)। এরপর কিছুটা রুখে দাঁড়ান কুণাল চান্ডেলা ও আরিয়ান শর্মা। আরিয়ান (৮) আউট হতেই ধস নামে উত্তরাখণ্ড ইনিংসে। পরপর ফিরে যান স্বপ্নিল সিং (৪), আদিত্য তারে (০) ও মায়াঙ্ক মিশ্র (০)। ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে উত্তরাখণ্ড। এরপর লড়াই করে বিপর্যয় সামাল দেন কুণাল চান্ডেলা (অপরাজিত ৪০) ও অখিল রাওয়াত (৩২)। দিনের শেষে উত্তরাখণ্ড ৬ উইকেটে তুলেছে ১০৪। বাংলার হয়ে শাহবাজ, আকাশ দীপ ও প্রদীপ্ত প্রামানিক ২টি করে উইকেট পেয়েছেন।
❤ Support Us








