Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৩০, ২০২৪

মহিলাদের সিনিয়র একদিনের জাতীয় ক্রিকেটে মধ্যপ্রদেশের কাছে হেরে রানার্স বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের সিনিয়র একদিনের জাতীয় ক্রিকেটে মধ্যপ্রদেশের কাছে হেরে রানার্স বাংলা

চলতি মাসের শুরুতেই অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। সিনিয়র ক্রিকেটে অবশ্য স্বপ্নভঙ্গ। মহিলাদের একদিনের সিনিয়র ক্রিকেটের ফাইনালে মধ্যপ্রদেশের কাছে অসহায় আত্মসমর্পন বাংলার। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে মধ্যপ্রদেশের কাছে হারতে হল ৭ উইকেটে। বাংলাকে হারিয়ে প্রথমবারের মতো সিনিয়রদের একদিনের ট্রফি ঘরে তুলল মধ্যপ্রদেশ।
নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ। আগের চারটি ম্যাচে ৩০০–র বেশি রান রান করা এদিন মধ্যপ্রদেশের বোলিং আক্রমণের সামনে ভেভে পড়ে। দুই ওপেনার ধারা গুজ্জর (‌০)‌ ও ষষ্ঠী মণ্ডল (‌৫)‌ শুরুতেই ফিরে যান। চাপ আরও বেড়ে যায় রিচা ঘোষের (‌০)‌ ব্যর্থতায়। মিতা পাল (‌২৫)‌, প্রতিভা বালা (‌৪২)‌, তনুশ্রী সরকারদের (‌২১)‌ লড়াইয়ে ৩৮.২ ওভারে ১৩৬ রানে পৌঁছয় বাংলা। মধ্যপ্রদেশের হয়ে ক্রান্তি গৌড় ২৫ রানে ৪ উইকেট নেন।
ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে জিনসি জর্জকে (‌১)‌ তুলে নিয়ে বাংলাকে স্বপ্ন দেখিয়েছিলেন তিতাস সাধু। কিন্তু অনুষ্কা শর্মা (‌১০২ বলে অপরাজিত ৬৯)‌ ও অনন্যা দুবে (‌৬৩ বলে ২৭)‌ জুটি বাংলাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। সৌমিয়া তেওয়ারি (‌০)‌ রান না পেলেও অনুষ্কা শর্মার সঙ্গে জুটি বেঁধে মধ্যপ্রদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন আয়ূশী শুক্লা (‌২৯ বলে অপরাজিত ৩০)‌। ৩৪.‌৪ ওভারে ১৩৯/‌৩ তুলে ম্যাচ জিতে নেয় মধ্যপ্রদেশ। ফাইনালে হারতেও গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলার মেয়েরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!