Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ২৩, ২০২২

হিজাব নামাবলীর যুদ্ধে থমকে গেল পরীক্ষা।অবিলম্বে স্বাভাবিক হোক পরিস্থিতি চাইছে পড়ুয়ারা

আরম্ভ ওয়েব ডেস্ক
হিজাব নামাবলীর যুদ্ধে থমকে গেল পরীক্ষা।অবিলম্বে স্বাভাবিক হোক পরিস্থিতি চাইছে পড়ুয়ারা

হিজাব নামাবলীর যুদ্ধে থমকে গেল পরীক্ষা । অশান্তির জেরে বন্ধ হয়ে গিয়েছে হাওড়ার ধুলাগড়ি আদর্শ বিদ্যালয় । উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার সময়ই পোশাক নিয়ে বিতর্ক বাধে এই সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ।

ঘটনার সূত্রপাত সোমবার । স্কুলের দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রীদের হিজাব পরে স্কুলে প্রবেশ করা নিয়ে আপত্তি তোলে দ্বাদশ শ্রেণির একদল ছাত্র । তাদের দাবি, যদি ওরা হিজাব পরে স্কুলে আসে তাহলে তারাও নামাবলী গায়ে দিয়ে স্কুলে আসবে । সেক্ষেত্রে তাদেরকেও স্কুলে প্রবেশ করার অনুমতি দিতে হবে । ওই ছাত্রদের অভিযোগ ছিল বেশ কিছু দিন ধরে স্কুলের একদল ছাত্রী হিজাব পরে আসত । শিক্ষকদের নিষেধ সত্ত্বেও তারা সেই পোশাক পরা বন্ধ করেনি । তারই প্রতিবাদে মঙ্গলবার স্কুলে নামাবলী জড়িয়ে ঢোকে দুজন ছাত্র । এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা এবং হাতাহাতি । স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।প্রশাসনের নির্দেশে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয় ।

বুধবারও এলাকায় মোতায়েন ছিল পুলিশ । আশেপাশের বাসিন্দারা সকাল থেকেই স্কুলে আশপাশে ভিড় করেছে ।
উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের টেস্ট পরীক্ষা চলাকালীন ঘটনাটি ঘটায় হতাশ পডুয়ারা । তারা চাইছে অবিলম্বে চালু হোক স্কুল, শুরু হোক পরীক্ষা । আগামী শনিবার স্কুল কর্তৃপক্ষ একটি বৈঠক ডেকেছেন । এ ব্যাপারে দুপক্ষের অভিভাবকদের ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করবে স্কুলের পরিচালন সমিতি । সেই বৈঠকেই স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে ।

কিন্তু কেন হঠাৎ করে এমন অশান্তির পরিবেশ তৈরি হল ? স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি স্কুলের পোশাকবিধি না মেনে, হিজাব পরে যাওয়া একটা চক্রান্ত । যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় পঞ্চায়েত প্রধান । তিনি বলেন, ওই স্কুলে এর আগে ছেলে মেয়েদের পোশাক নিয়ে কোনও অশান্তি হয়নি ।

পোশাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে এধরনের ঘটনার কোন পূর্ব দৃষ্টান্ত নেই । শিক্ষাঙ্গনে পোশাক এবং রাজনীতির রঙের জলঘেলাকে ভালো চোখে দেখছেনা রাজ্যের শিক্ষক এবং পড়ুয়া সমাজ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!