- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৫, ২০২৩
‘দুর্বৃত্তরা’ অদৃশ্য অধরা, বুদ্ধি বাড়ল নীতিশের। সরাসরি অভিযোগ, বিহারের সাম্প্রদায়িক অশান্তির পিছনে অমিত-ওয়েসির যৌথ চক্রান্ত!
অপবাদের উৎস কী ? সপ্রমাণ তথ্য কোথায় ? ভিত্তি কি নিছক অভিযোগের রাজনীতি ?
বুধবার ভারতের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জগজীবনের জন্মজয়ন্তী কর্মসূচিতে বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বললেন, রাম নবমীতে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি। তাদের ছকে সায় ছিল আসাদ উদ্দিন ওয়েসির ইত্তেহাদুল মুসলিমিনের। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর ওয়েসির নিন্দা করলেন বিজেপির একদা সঙ্গী নীতিশ কুমার। আসাদ উদ্দিন তাঁর স্বরাজ্যে জনপ্রিয় হলেও উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ , কর্ণাটক , গুজরাট, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে ‘বিজেপির গোপন সহযোগী’ বলে নিন্দিত। তাঁকে কী কারণে, গেরুয়া শিবিরের ‘এজেণ্ট’ বলা হয়, তার প্রমাণ নেই। কিন্তু রাজনৈতিক মেরুকরণে তাঁর ভূমিকা প্রশ্নহীন নয়। বিজেপির গোপন বন্ধু হিসেবে বারবার তাঁর নাম উঠে আসে। দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক সংঘর্ষে তাঁর সংশ্লিষ্ট থাকার সপ্রমাণ প্ররোচনার নজির মেলে না। তবু কেন নালন্দা, বিহার শরীফ ও অন্যান্য এলাকায়, রাম নবমীতে অশান্তি তৈরির পিছনে ওয়েইসিকে দায়ী করলেন নীতিশ কুমার, তা তিনিই বলতে পারবেন। ওই সময়, পূর্বঘোষিত নালন্দা সফর বাতিল করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়েসি বিহারে ছিলেন না। না থেকেও কি উস্কানি দিয়েছেন? রহস্যময় ঘটনা। কেন্দ্র জানত , রামনবমীতে ভক্তকুল মিছিল করবেন। উত্তেজনা ছড়াতে পারে। জেনেও কেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সশস্ত্র মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন না। প্রশ্ন গুরুতর এবং ভেবে দেখবার মতো বিষয়। অঘটনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর মনোভাব দেখালেন। অশান্তির আগাম চিত্র কি তার নজর এড়িয়ে গেল? না জানতেন বলেই কি পরিকল্পিত নালন্দা সফর বাতিল করে দেন? নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী। গো বলয়ের হিংসার রাজনীতির সঙ্গে তাঁর পরিচয় নেই, একথা বলা উচিত নয়। বিহার শরিফ , সাসারাম স্পর্শকাতর এলাকা। তবু কেন কঠোর মনোভাব দেখাতে ব্যর্থতার পরিচয় দিল শক্ত ধাতুতে তৈরি লালু প্রসাদ যাদবের রাজনীতির উৎস রাজ্য?
সাম্প্রদায়িক সংঘর্ষ কখনো অতর্কিতভাবে হানা দেয় না। পটভূমি, পরিস্থিতি এবং রহস্যময় অঙ্ক সে প্রত্যাশা করে। ভারতের ৬ রাজ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে সব অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, তা নিছক বিক্ষিপ্ত নয়। অপরাজনীতির হিসেব-নিকেশের বাইরে নয়। স্পর্শকাতর পটভূমিতে, সরল মানুষের পবিত্র ভাবাবেগ নিয়ে রক্ত-খেলায় মেতে উঠতে চাইল কদর্য, অমানবিক অভ্যাস।
❤ Support Us






