Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ১৬, ২০২২

প্রধানমন্ত্রী টাকা পাঠাচ্ছেন! অ্যাকাউন্ট নম্বর দিতেই উধাও সাড়ে ৪ লক্ষ

জালিয়াতির শিকার বীরভূমের খয়রাশোলের বাসিন্দা উজ্জ্বল মণ্ডল।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রী টাকা পাঠাচ্ছেন! অ্যাকাউন্ট নম্বর দিতেই উধাও সাড়ে ৪ লক্ষ

প্রধানমন্ত্রীর নাম করে আর্থিক জালিয়াতি। বীরভূমের খয়রাশোলে এক ব্যক্তির দু’ টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে চার লক্ষ টাকা। বিষয়টি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ব্যক্তি। আদৌ টাকা ফেরত পাবেন কি না, তা নিয়ে সন্দিহান অভিযোগকারী। জানা গিয়েছে, বীরভূমের খয়রাশোলের বাসিন্দা উজ্জ্বল মণ্ডল। বুধবার সকালে তাঁর ফোনটি বেজে ওঠে। ফোনটি তখন তাঁর ছেলের কাছে ছিল। ফোনটি রিসিভ করতেই ওপার থেকে জানানো হয় যে, তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাকা পাঠাচ্ছেন। টাকা পেতে হলে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর । উজ্জ্বল বাবুর ছেলে সেই কথায় বিশ্বাস করে তাঁর বাবার দু’টি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেয়। এরপর মোবাইলে ওটিপি যায়। সেই নম্বর চান প্রতারকরা । নম্বর দিতেই দু’টি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা।

মোবাইলে ম্যাসেজ দেখে বুঝতে অসুবিধা হয়নি ছেলের । তড়িঘড়ি বাবাকে পুরো ব্যাপারটা জানায়। এরপর উজ্জ্বলবাবুরা প্রথমে খয়রাশোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর সিউড়ি সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এক ধাক্কায় অ্যাকাউন্ট থেকে এত টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন উজ্জ্বলবাবু। তিনি পুলিশের কাছে অনুরোধ করেছেন, যাতে টাকা ফিরে আসে। সাইবার সেলের দাবি, প্রতারকদের পাঠান মেসেজ ও ব্যাংকের ওটিপি মুছে ফেলেছে নাবালক। যার জেরে আরও সমস্যা দেখা দিয়েছে। টাকাটি উদ্ধার করা যায় কিনা তার চেষ্টা চালাচ্ছে সাইবার ক্রাইম থানা। উল্লেখ্য, এহেন ঘটনা এই প্রথম নয়। এর আগেও প্রতারকদের ফাঁদে পা দিয়ে অনেকেই তাঁদের সঞ্চিত অর্থ হারিয়েছেন। ফলে সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে। তা সত্ত্বেও সতর্ক হচ্ছে না আমজনতা, এই ঘটনা তারই প্রমাণ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!