- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১, ২০২৫
উত্তর-পূর্ব ও উত্তরবঙ্গের ৭০ নদীর মাস্টার প্ল্যান প্রকাশ ব্রহ্মপুত্র বোর্ডের। ‘গঙ্গা জল চুক্তি’ পুনর্নবীকরণে কলকাতায় আসছে বাংলাদেশের প্রতিনিধি দল
হ্মপুত্র বোর্ড উত্তর-পূর্ব রাজ্য ও উত্তরবঙ্গ জুড়ে প্রবাহিত ৭০ টি নদীকে চিহ্নিত করে মাস্টারপ্ল্যান অনুমোদন করেছে। এছাড়াও দক্ষিণ ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবাহিত ফেনী নদীর জন্য ৩.৫ কোটি টাকা বরাদ্দ করবার ঘোষণা করেছে। অন্যদিকে, ‘গঙ্গা জল চুক্তি’ পুনর্নবীকরণ করতে আগামী সোমবার কলকাতায় আসছে বাংলাদেশের সেচ মন্ত্রকের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
ভারতের উত্তর-পূর্ব রাজ্য ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিগত কয়েক বছরে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ত্রিপুরা ও অসমে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। অভিযোগ ছিল, ওই সব অঞ্চলে প্রবাহিত নদ-নদীগুলি নিয়ে পরিকল্পনা ও ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। এবার সে নিয়ে উদ্যোগ নিয়েছে ব্রহ্মপুত্র বোর্ড। গত শুক্রবার একটি বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বোর্ড তাদের আওতাধীন ৭০টি নদী চিহ্নিত করেছে। ভাঙন নিয়ন্ত্রণ ও পলি অপসারণ সহ নদীগুলির উন্নত ব্যবস্থাপনার জন্য মাস্টার প্ল্যানের ঘোষণা করা হয়েছে। বৈঠকে বোর্ড গোমতী এবং মুহুরীর মতো নদীর ভাঙন রোধ এবং জলসম্পদ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ মাস্টারপ্ল্যান অনুমোদন করেছে। এছাড়াও দক্ষিণ ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবাহিত ফেনী নদীর জন্য ৩.৫ কোটি টাকা বরাদ্দ করবার ঘোষণা করেছে।
এ দিন ব্রহ্মপুত্র বোর্ড আগরতলায় তাদের ৮৪ তম সভার আয়োজন করেছিল। সেখানে ব্রহ্মপুত্র অববাহিকার আওতাধীন উত্তর-পূর্ব রাজ্যগুলি এবং পশ্চিমবঙ্গের উত্তর অংশের নদীগুলির বন্যা নিয়ন্ত্রণ, জল ব্যবস্থাপনা ও নদী দ্বীপ নীতি নিয়ে একাধিক পরিকল্পনার কথা আলোচনা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রহ্মপুত্র বোর্ডের প্রধান ড. রণবীর সিং। বৈঠকে সংশ্লিষ্ট বোর্ডের সদস্য ছাড়াও ত্রিপুরা, সিকিম, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর এবং মিজোরামের প্রতিনিধিরা আর উত্তরবঙ্গের গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রতিনিধিরা প্রথমবারের মতো হাজির ছিলেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুবোধ যাদবও আলোচনায় যোগ দিয়েছিলেন। আন্তঃরাজ্য অববাহিকার জন্য প্রস্তাবিত হয় বিশেষ পরিকল্পনা। দীর্ঘস্থায়ী সমস্যাগুলি মোকাবেলা করার জন্য, লক্ষ লক্ষ মানুষের জন্য একটি জীবনরেখা পরিবর্তনে ও বিপর্যয় মোকাবিলায় এ এক বড়ো উদ্যোগ।
কর্মকর্তারা বলছেন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে আরো কাজ করবার প্রয়োজন রয়েছে। নদীর উপর নির্ভরশীল মানুষের জন্য নদী ব্যবহারের অনুমতির পাশপাশি বাস্তুতন্ত্র রক্ষা করা বোর্ডের কর্তব্য। বৈঠকে নতুন নদী দ্বীপ নীতির আলোচনাও হয়। বৈঠকের পর ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান রণবীর সিং বলেন, এই মাস্টারপ্ল্যানের অধীনে, ত্রিপুরার তিনটি প্রধান নদীর সমীক্ষা করে প্রয়োজনীয় হস্তক্ষেপের সুপারিশ করা হবে। বন্যা নিয়ন্ত্রণ করতে ও ভারী বৃষ্টিজনিত ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ‘আমরা বোর্ডের নজরদারিতে ৯টি নদী উপত্যকায় দীর্ঘদিন ধরে কাজ করছি, এবার নতুন প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়িত করা হবে।’ প্রসঙ্গত, গত বছর ত্রিপুরার বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৮ জন প্রাণ হারিয়েছেন, ৫৮,৬৮৭টি বাড়ি ভেঙেছে এবং প্রায় ১৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১৫,০০০ কোটি টাকা।
অন্যদিকে, ‘গঙ্গা জল চুক্তি’ পুনর্নবীকরণ করতে আগামী সোমবার কলকাতায় আসছে বাংলাদেশের সেচ মন্ত্রকের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ৫ দিনের সফরে তাঁরা কলকাতা ছাড়াও ফারাক্কা বাঁধ পরিদর্শনে যাবেন বলে খবর। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তি মতো ৩০ বছরের জল বন্টনের ব্যবস্থা প্রতিষ্ঠা পায়। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালে। সে দেশের তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি বরাবর অভিযোগ জানিয়ে আসছে গঙ্গা জল চুক্তি নিয়ে ভারত নিজেদের একপেশে স্বার্থ রক্ষা করে, ফলে ক্ষতি হয় বাংলাদেশের। গত রবিবার অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলন আয়োজিত হয়। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন জয়শঙ্কর এবং তৌহিদ।তৌহিদ হোসেন গঙ্গার জল বন্টনে চুক্তি পুনর্নবীকরণের আলোচনা শুরুর উপর জোর দিয়েছেন। তিনি সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনার জন্য ভারত সরকারকে অনুরোধ জানান। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ত্রফ থেকে বাংলাদেশের প্রতিনিধিদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করবার নির্দেশ দেওয়া হয়েছে। ড.ইউনূসের অন্তর্বর্তী সরকার নতুন কী দাবি করে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে। মনে করা হচ্ছে বাংলাদেশের তরফে গঙ্গার অতিরিক্ত জল চাওয়া হতে পারে, এছাড়াও তিস্তা নদী সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হতে পারে।
❤ Support Us








