- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১১, ২০২৩
৭ ফুটবলারসহ ব্রাজিলে ১৬ জনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ
ব্রাজিলে ১৬ জনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ নিয়ে এসেছেন আইনজীবীরা। এদের মধ্যে রয়েছেন ৭ জন পেশাদার ফুটবলার। ২০১৮ সালে ব্রাজিলে ক্রীড়াক্ষেত্রে জুয়া বৈধ ঘোষণা করার পর এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি। বুধবার এই অভিযোগ করার পর ব্রাজিলের বিচারমন্ত্রী ক্লাদিও ডিনো ফেডারেল পুলিশকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।
ব্রাজিলের গোয়াস প্রদেশের আইনজীবীরা অভিযোগ করেছেন যে, ২০২২ সালে মোট ১৩টি ফুটবল ম্যাচ গড়াপেটা হয়েছিল। এর মধ্যে ৮টি ম্যাচ ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের সিরিজ ‘এ’তে এবং বাকিগুলি ‘বি’ তে সংঘটিত হয়েছিল। স্যান্টোস, জুভেন্তোদে ও কুইয়াবার মতো ক্লাবের ফুটবলারদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। গতকাল ৫ ফুটবলারকে নিষিদ্ধ করেছে তাঁদের ক্লাব। এরা হলেন আতলেতিকোর পেদ্রিনিও, ব্রায়ান গার্সিয়া, ফ্লুমিন্সের ভিটর মেন্ডেজ, ক্রুজেইরোর রিচার্ড এবং আমেরিকার নিনো পারাইবা। অভিযুক্ত ফুটবলারদের মধ্যে স্যান্টোসের ডিফেন্ডার এডুয়ার্ডো বাউয়েরম্যানও রয়েছেন। তিনিও নির্বাসিত হয়েছেন।
এই ফুটবলারদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছে ব্রাজিলের সংবাদমাধ্যম। ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে ফুটবলারদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ ফুটবলারদের ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার কথাপোকথনও প্রকাশ করেছে। আইনজীবীরা দাবি করেছেন, একটা অপরাধীচক্র ম্যাচ ম্যাচ গড়াপেটা করার জন্য ফুটবলারদের টাকা দিয়েছে। ম্যাচের আগেই ১ লক্ষ ডলার করে দেওয়া হত। বাকি টাকা ম্যাচের পর দেওয়া হত। ব্রাজিলের ফুটবল কনফেডারেশন দেশের প্রেসিডেন্ট ও বিচার বিভাগকে পাঠানো চিঠিতে পুলিশকে এই মামলার সঙ্গে জড়িত হওয়ার অনুরোধ করেছে।
❤ Support Us







