- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১০, ২০২৫
ভাষা ও সীমানা নির্ধারণ, ওয়াকফ বিল বিতর্কে উত্তাল লোকসভা ও রাজ্যসভা, ওয়াক-আউট বিরোধীদের
ভাষা ও সীমানা নির্ধারণ, ওয়াকফ বিল বিতর্কে উত্তাল লোকসভা ও রাজ্যসভা, ওয়াক-আউট বিরোধীদের । সংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বিরোধীদের ওয়াক-আউটকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি বিরোধী সাংসদদের সংসদের নিয়মকানুন সম্পর্কে পোড়াশোনা করবার পড়ামর্শ দিয়েছেন।
লোকসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতেই ভাষা ও সীমানা নির্ধারণ, মার্কিন শুল্ক নীতি আরোপের বিতর্কে উত্তাল লোকসভা। ওয়াকফ আইনের সংশোধনী ইস্যুতে সরগরম রাজ্যসভা। অধিবেশন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিরোধী দলগুলি প্রতিবাদ জানিয়ে সভা থেকে ওয়াকআউট করে। আজ সংসদে মণিপুর রাজ্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মার্কিন শুল্কনীতি ও অবৈধ অধিবাসীদের ভারতে ফেরত পাঠানোর বিষয়ে হতে পারে আলোচনা।
বিরোধী সাংসদদের মতে, নতুন সীমানা নির্ধারণের ফলে দক্ষিণের রাজ্যগুলি লোকসভায় আসন হারাতে পারে। এই ইস্যুতে বিশেষ করে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সরব হয়েছে। তাঁদের অভিযোগ, জনসংখ্যা নিয়ন্ত্রণে এগিয়ে থাকা রাজ্যগুলিকে শাস্তি দেওয়া হচ্ছে, আর উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলি আসন সংখ্যা বাড়িয়ে লোকসভায় আরও শক্তিশালী হয়ে উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন, ‘কোন রাজ্যই তাদের আসন হারাবে না।’ কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পাল্টা প্রশ্ন করেন, ‘উত্তর ভারত কি তাহলে অতিরিক্ত আসন পাবে ?’ এই ইস্যুতে ডিএমকে সাংসদ ত্রিচি শিবা রাজ্যসভায় আলোচনা চেয়ে আবেদনপত্র জমা দেন, যা প্রত্যাখ্যান করা হয়। তামিলনাড়ুর রাজনৈতিক দল ডিএমকে দীর্ঘদিন ধরে বিজেপির তিন-ভাষা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। এবারো সংসদের বাজেট অধিবেশনে তাঁরা সরব হযন। অভিযোগ, কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে হিন্দি বাধ্যতামূলক করার চেষ্টা চলছে, ফলে অ-হিন্দিভাষী রাজ্যগুলোর সাংস্কৃতিক ও ভাষাগত অধিকার খর্ব হচ্ছে। বিজেপির তিন-ভাষা নীতি হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক আরো বেড়েছে। এ প্রসঙ্গে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘ডিএমকে অযথা বিভ্রান্তি সৃষ্টি করছে, রাজনৈতিক স্বার্থে তরুণদের ভুল পথে চালিত করছে।” তিনি বিরোধীদের ‘রাজনৈতিক সুবিধাবাদী’ বলে কটাক্ষ করেন।
অন্যদিকে ওয়াকফ বোর্ড সংক্রান্ত নতুন সংশোধনীতে প্রস্তাব রাখা হয়েছে যে, মুসলিম ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনার জন্য তৈরি ওয়াকফ বোর্ডে এবার অ-মুসলিম সদস্যরাও মনোনীত হতে পারেন। এই সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তোলে। উভয় কক্ষে আজ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবার কথা। যার মধ্যে মনিপুরের বাজেটের দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল ও সে রাজ্যের আমজনতা। সহিংস সংঘর্ষে বিপর্যস্ত মনিপুরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই রাজ্যের বাজেট সংসদে পেশ করবেন। এছাড়াও, বিরোধীদের ভোটার কার্ড জালিয়াতির অভিযোগের জবাব দিতে পারে কেন্দ্র সরকার। তৃণমুমূল কংগ্রেস ও কংগ্রেস সাংসদরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ডুপ্লিকেট ভোটার আইডি’ ইস্যু করার অভিযোগ তোলে। কংগ্রেস সাংসদ মনিকম টাগোর এ নিয়ে আলোচনা চেয়ে আবেদন করেন, যা প্রত্যাখ্যান করা হয়। বাণিজ্য শুল্ক সম্পর্কিত বিষয়গুলোও আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি শুল্ককে ‘অত্যন্ত উচ্চ’ বলে সমালোচনা করেছিলেন। পাশাপাশি, সম্প্রতি অবৈধ ভারতীয় অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর একটি ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে সংসদে আলোচনা হতে পারে।
বিরোধীদের ওয়াকআউট নিয়ে সংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বিরোধীদের ওয়াক-আউটকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি বিরোধী সাংসদদের সংসদের নিয়মকানুন সম্পর্কে পোড়াশোনা করবার পড়ামর্শ দিয়েছেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, বিরোধীতার নামে বারবার বিরোধীরা সাংসদরা সভাকক্ষের কার্যপ্রণালী ব্যাহত করছে।’ তিনি এই প্রবণতাকে ‘সংসদকে অকার্যকর করে তোলার ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছেন। বাজেট অধিবেশন আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে। বিরোধী দলগুলি এই সময়ের মধ্যে সীমানা পুনর্বিন্যাস, ভাষা বিতর্ক, ওয়াকফ বিল সংশোধনী, ভোটার কার্ড জালিয়াতি এবং অর্থনৈতিক বিষয় নিয়ে সরকারকে চাপের মুখে ফেলতে পারে।
❤ Support Us





